‘ভারতও আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে’
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে অনেক আশা ছিল ফুটবলপ্রেমীদের। বিশেষ করে ২০১৯ সালে কলকাতায় প্রথম পর্বে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স আশাবাদী করে তুলেছিল সবাইকে। কিন্তু দোহায় ফিরতি পর্বে হার মানতে হয়েছে ২-০ গোলে। ৭৯ মিনিট লড়াইয়ের পর এক সুনীল ছেত্রীই শেষ করে দিয়েছেন বাংলাদেশের স্বপ্ন।
হারের পর জাতীয় ফুটবল দলের দৈন্য সামনে উঠে আসছে বারবার। আফগানিস্তানের বিপক্ষে দোহার প্রথম ম্যাচে দারুণ খেলে ড্রয়ের পর বাংলাদেশ দলের অনেক দুর্বলতাই ঢাকা পড়ে গিয়েছিল। বিশেষ করে তপু বর্মণের সমতাসূচক গোলটি সবার দৃষ্টি নিয়ে গিয়েছিল অন্যদিকে। ভারতের বিপক্ষে হার ফুটবলপ্রেমীদের নামিয়েছে বাস্তবতার জমিনে।
ভারতের তুলনায় বাংলাদেশ যে ফুটবলে কতটা পিছিয়ে, সেটি যেন এই ম্যাচ আবারও মনে করিয়ে দিয়েছে। ভারত এগিয়ে ছিল সব সময়। সেটি পরিসংখ্যানই বলে। কিন্তু সেই এগিয়ে থাকার ব্যবধান দিন দিন বেড়েই চলেছে, জোড়া গোল করে ছেত্রী সেটিই দেখিয়ে দিয়েছেন।
জাতীয় দলের সাবেক স্ট্রাইকার রিজভি করিম রুমির মতে, এ ব্যবধান ভবিষ্যতে আরও বাড়বে। ১৯৯১ সালে এই রুমির জোড়া গোলেই ভারতকে প্রথমবার হারিয়েছিল বাংলাদেশ। ভারতের ইস্টবেঙ্গলের মতো ক্লাবে একসময় খেলেছেন দেশের ফুটবলের অন্যতম সেরা এই তারকা। আন্তর্জাতিক ফুটবলের দেশের হয়ে গোল আছে তাঁর বেশ কয়েকটি। খেলা ছাড়ার পর কানাডায় প্রবাসজীবন বেছে নিলেও দেশের ফুটবলে চোখ থাকে তাঁর। খোঁজখবর রাখেন নিয়মিতই। প্রথম আলোকে রুমি বলেছেন বাংলাদেশের ফুটবলের বিভিন্ন দিক নিয়ে।
‘ভারতীয় ফুটবলের সঙ্গে তুলনায় বাংলাদেশের ফুটবল আগেও পিছিয়ে ছিল। কিন্তু গত কয়েক বছর এ ব্যবধানটা অনেক বেড়েছে। বাফুফে যদি সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে এ ব্যবধানটা হয়তো ভবিষ্যতে আরও বেড়ে যাবে। আর ৫ থেকে ৬ বছর পর হয়তো ভারত চলে যাবে আমাদের ধরাছোঁয়ার বাইরে।
রুমির মতে, ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবধান দিন দিন বেড়েই চলেছে—এটা সম্ভব হচ্ছে ফুটবল উন্নয়নে ভারতের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে, ‘ভারতীয় ফুটবলের সঙ্গে তুলনায় বাংলাদেশের ফুটবল আগেও পিছিয়ে ছিল। কিন্তু গত কয়েক বছর এ ব্যবধানটা অনেক বেড়েছে। বাফুফে যদি সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে এ ব্যবধানটা হয়তো ভবিষ্যতে আরও বেড়ে যাবে। আর ৫ থেকে ৬ বছর পর হয়তো ভারত চলে যাবে আমাদের ধরাছোঁয়ার বাইরে।’
দুই দেশের ফুটবলে অনেক পার্থক্যই চোখে পড়ে জাতীয় দলের সাবেক এ অধিনায়কের, ‘অবকাঠামোগত দিক দিয়ে পার্থক্য আগেও ছিল। ভারতের ক্লাব ফুটবল সারা দেশে ছড়ানো। একসময় যেটি কলকাতাকেন্দ্রিক ছিল। ওরা আই লিগকে জমজমাট বানিয়ে এখন আইপিএলের আদলে আইএসএল করছে। বিশ্বমানের কোচ আর খেলোয়াড়েরা আইএসএলে খেলতে আসছেন। রবি ফাওলারের মতো কোচ নিয়ে এসেছে তাদের ক্লাবগুলো। আমরা সেই আগের জায়গাতেই পড়ে আছি। পেশাদারত্বে ভারতীয় ক্লাবগুলো অনেক এগিয়ে। ভারতীয় ফুটবল ফেডারেশন তৃণমূলে খেলোয়াড় তৈরিতে বিনিয়োগ করছে। তারই ফলে সুনীল ছেত্রীদের মতো খেলোয়াড়েরা উঠে আসে। সুনীলের পর এমন আরও সুনীল আসবে। আমরা কোথায় পড়ে আছি!’
জাতীয় দলের খেলার ধরন নিয়েও কিছুটা মতদ্বৈধতা আছে রুমির, ‘আমার কাছে মনে হয়, আমরা যেন একটু নেতিবাচক হয়ে পড়ছি মাঠে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। কোচ অবশ্যই দলের খেলোয়াড়দের শক্তি ও দুর্বলতা আমার চেয়ে ভালো বোঝেন। কিন্তু ম্যাচে প্রতিপক্ষের অর্ধে প্রেসিং করার চেষ্টটা থাকে না বললেই চলে। এটা বাড়াতে হবে। এ জন্য অবশ্যই খেলোয়াড়দের স্কিল (দক্ষতা) নিয়ে কাজ করতে হবে। আমি বাংলাদেশের খেলায় খেলোয়াড়দের গোলপোস্ট লক্ষ্য করে শট নিতে দেখি না। এটা কেন হয়, আমি বুঝি না। এ জন্য তো বাড়তি স্কিলের প্রয়োজন হয় না। গোলে ১০টা শট নিতে পারলে ২টিতে গোলকিপারকে কাঁপানো যাবে। আর তখনই গোলের সুযোগ তৈরি হবে। আমার মনে হয় এ জায়গায় কাজ করা উচিত।’
রুমির মতে ফুটবল চলছে লক্ষ্যহীন। সে লক্ষ্যটাই আগে ঠিক করতে হবে বাফুফেকে, ‘কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমাদের দেশে ফুটবল কখনোই পরিচালিত হয়নি। লক্ষ্য বলতে আগামী ১০ বছর পর আমরা কোন জায়গায় যাব। এটা আগে ঠিক করতে হবে। ধরুন, বাফুফে ঠিক করল আগামী ১০ বছরে আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই করব। সে অনুযায়ী পদ্ধতিগতভাবে কাজ করলে ফল আসতে বাধ্য। কেবল লক্ষ্য ঠিক করে ফুটবলের চেহারা পাল্টে দিয়েছে, এমন অনেক দেশ আমাদের আশপাশেই আছে।’