
এক ম্যাচ জিতেই মেয়েদের সাফের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রয়োজন ছিল ড্র। প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন ভারত বলেই ড্রয়ের আশাটাও করা যাচ্ছিল না জোর দিয়ে। তবে কঠিন কাজটাই কাল করে দেখিয়েছেন সাবিনারা। যে ভারতের সঙ্গে এর আগের ছয় ম্যাচের সব কটিতেই হেরেছিল বাংলাদেশ, সেই দলের সঙ্গে কাল ড্র করেছে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। বছরের শেষ সন্ধ্যায় ভারত থেকে দারুণ এক সুখবরই উপহার দিলেন বাংলাদেশের মেয়েরা।
আগামীকাল সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ মালদ্বীপের সঙ্গে। অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল ৬-০ গোলে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ভারত জেতে ৫-১ গোলে। কালকের ড্রয়ে তাই গোলগড়ে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অন্য গ্রুপে মালদ্বীপ শ্রীলঙ্কার সঙ্গে জেতে ৫-২ গোলে, ভুটানকে হারায় ৩-১ গোলে। তবে নেপালের কাছে ৯-০ গোলে হেরেছে মালদ্বীপ। সেমিফাইনালে দুর্বল মালদ্বীপকে পেয়ে ভালোই হলো বাংলাদেশের।
সাফের আগের তিন আসরের মধ্যে বাংলাদেশ দুবারই সেমিফাইনালে বিদায় নেয় নেপালের কাছে হেরে। তবে এবার আর সেমিফাইনালে নেপালের সামনে দাঁড়াতে হচ্ছে না বাংলাদেশকে।
পরশু ম্যাচের আগে অধিনায়ক সাবিনা খাতুন বলেছিলেন, ‘গোল যদি না-ও করতে পারি, গোল খাব না।’ কাল সেই কথা রেখেছেন সাবিনারা। গোলরক্ষক সাবিনা আক্তার পোস্টের নিচে দাঁড়িয়ে ছিলেন ‘চীনের প্রাচীর’ হয়ে। দারুণ দক্ষতায় গোটা পাঁচেক শট ঠেকিয়েছেন যশোরের মেয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে দেয়নি ভারতকে।