ভারতকে হারানো জোড়া গোলদাতা জাফরের সেরা ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে উইঙ্গার জাফর নিজে জোড়া গোল করেছে, করিয়েছে আরও একটি। ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে উইঙ্গার জাফর নিজে জোড়া গোল করেছে, করিয়েছে আরও একটি। ছবি: সংগৃহীত

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়াম বাংলাদেশের ফুটবলের কপালে একে দিয়েছিল কলঙ্ক। কলঙ্কই তো! এই মাঠেই তো গত বছর অক্টোবরে এশিয়ান কাপের প্রাক-বাছাইপর্বে স্বাগতিক ভুটানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা কলঙ্কজনক অধ্যায়ও বটে। সেই কলঙ্কের দাগ জাফর ইকবালের গায়েও আছে। জাতীয় দলের জার্সিতে সেদিন মাঠে নামা না হলেও সাইডবেঞ্চে বসে দেখেছিল বাংলাদেশের লজ্জাজনক পরাজয়। আজ সেই চাংলিমিথাংয়েই রূপকথা লিখল জাফর। তার দুই গোলর কল্যাণেই ৪-৩ গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধে তিন গোল হজম করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরেই জ্বলে ওঠে লাল-সবুজ জার্সির যুবারা। প্রথমে গুনে গুনে তিন গোল শোধ করে। ম্যাচের যোগ করা সময়ে কর্নার থেকে হেড করে ছিনিয়ে নেয় জয়সূচক গোল।
তিন গোল হজমের পরেও নাকি জাফরের মনে আত্মবিশ্বাস ছিল ম্যাচটি জিততে পারে তারা।‌ ‘শুরু থেকেই আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা ভারতের বিপক্ষে জিতব। তিন গোল খাওয়ার পরেও মনে হয়েছে ম্যাচটি আমরা জিততে পারি। দ্বিতীয়ার্ধে আমরা সবাই জিদ নিয়ে মাঠে নেমেছিলাম।’ ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান তিনি।
মধ্যাহ্নবিরতিতে কোচ মাহবুব হোসেন রক্সির ব্রিফিংই নাকি জাগিয়ে তুলেছে তাদের, ‘কোচ বলেছিলেন, তোমাদের ৫ গোল দেওয়ার ক্ষমতা রয়েছে। তোমরা শুধু নিজেদের প্রমাণ কর।’

নিজেদের প্রমাণ করেছে জাফর ইকবাল, রহমত মিয়ারা। উইঙ্গার জাফর নিজে জোড়া গোল করেছে, করিয়েছে আরও একটি। ৫৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে গোলের খাতা খুলে ৩-১ করে জাফর। ৯১ মিনিটে জয়সূচক গোলটিও এসেছে তার হেড থেকে। মাঝে ৭৪ মিনিটে বাম প্রান্ত থেকে ক্রস করে সুফিলকে দিয়ে করিয়েছে তিন নম্বর গোলটি। স্বাভাবিকভাবে এই ম্যাচটিকেই ক্যারিয়ারের সেরা ম্যাচ হিসেবে মানছে জাফর, ‘এটি আমার ক্যারিয়ারে স্মরণীয় ম্যাচ। অন্য রকম ভালো লাগছে।’