ভারতকে হারিয়ে দিল 'পুঁচকে' গুয়াম
সাড়ে পাঁচ শ বর্গকিলোমিটারের দেশটির জনসংখ্যা মাত্র দেড় লাখের সামান্য বেশি। প্রশান্ত মহাসাগরের কোলে ছোট্ট গুয়াম আদতে স্বাধীন কোনো ভূখণ্ডই নয়, যুক্তরাষ্ট্রের শাসনাধীন। এক সপ্তাহ আগেও বিশ্বকাপ বাছাইয়ে কোনো জয় ছিল না। সেই গুয়ামই কি না কাল ১২০ কোটি লোকের ভারতকে হারিয়ে দিল! তুর্কমেনিস্তানের পর ভারতের সঙ্গে ২-১ গোলের জয়ে গুয়াম এখন গ্রুপের শীর্ষে।
ফিফা র্যাঙ্কিংয়ে গুয়াম ১৭৪, ভারত ৩৩ ধাপ এগিয়ে। তবে র্যাঙ্কিংয়ের ব্যবধান যতটা, ফুটবল ঐতিহ্যে ভারত তার চেয়ে অনেক বেশি এগিয়ে। ১৯৯৬ সালে ফিফার সদস্যপদ পাওয়া গুয়াম ২০০২ বিশ্বকাপ বাছাইয়ে ইরান ও তাজিকিস্তানের কাছে ১৯ ও ১৬ গোল খেয়েছিল। সেই গুয়ামই এখন স্বপ্ন দেখছে বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলার!
কাল গুয়ামের তামুনিংয়ে ৬২ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। অতিরিক্ত সময়ে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ব্যবধান কমালেও গুয়াম-রূপকথা থামাতে পারেননি। দলের কোচ গ্যারি হোয়াইটের কথায় সেই গর্বের ছোঁয়া, ‘আমরা আগেই জানতাম এখানে এসে ওদের খেলাটা কঠিন হবে। আমরা আর ১৫-১৬ বছর আগের ওই দল আর নেই।’ অঘটন ঘটিয়েছে সিঙ্গাপুরও, জাপানের মাঠে গিয়ে করে এসেছে গোলশূন্য ড্র।
কদিন আগেই কিরগিজস্তানের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। কাল কিরগিজরা নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে ২-১ গোলে। ইএসপিএন, ফার্স্টপোস্ট।