
দম ফেলারই যেন সময় নেই গোলাম রব্বানী ছোটনের। ২৬ ডিসেম্বর ভারতের শিলিগুড়িতে শুরু মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশীয় মেয়েদের ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণী টুর্নামেন্টকে ঘিরেই এই ব্যস্ততা জাতীয় মহিলা দলের কোচের।
গত সেপ্টেম্বরে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। সেই দলের সব ফুটবলারসহ ৩৪ জনকে নিয়ে বাফুফে ভবনে চলছে আবাসিক ক্যাম্প। প্রায় তিন মাসের প্রস্তুতি শেষে ২৬ ডিসেম্বর ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ। আজ-কালের মধ্যেই ২০ জনের চূড়ান্ত দল দিয়ে দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
২৬ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু। কিন্তু টুর্নামেন্টে বাংলাদেশের শুরু ২৯ ডিসেম্বর, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। ৩১ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ভারতের সঙ্গে।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের বর্তমান র্যাঙ্কিং ৫৭, বাংলাদেশের ১২১। এটি সাফের চতুর্থ আসর। গত তিনবারই চ্যাম্পিয়ন ভারত। সেই ভারতের গ্রুপেই বাংলাদেশ। কোচ গোলাম রব্বানী ছোটন তাই ভারতকে নিয়েই বেশি ভাবছেন, ‘প্রতিপক্ষ হিসেবে ভারত সব সময়ই কঠিন। এই দল নিয়েই আমাদের যত চিন্তা। ভারত আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ। আর আমাদের দলটি সিনিয়র ও জুনিয়রদের নিয়ে গড়া।’ বাংলাদেশ দলে সিনিয়র ফুটবলার বলতে স্ট্রাইকার সাবিনা খাতুন, গোলরক্ষক সাবিনা আক্তার, মাইনু প্রু মারমা, মুনমুন খাতুন, রওশন আরা ও সুরাইয়া আক্তার।
প্রতিপক্ষ হিসেবে যতই কঠিন হোক ভারত, বাংলাদেশের কোচকে অবশ্য সাহস দিচ্ছেন এই মেয়েরাই, ‘সম্প্রতি বয়সভিত্তিক টুর্নামেন্টে মেয়েরা যেভাবে খেলেছে, আশা করি ভারতেও সেটা অব্যাহত থাকবে। ওরা আসলে অনেক উন্নতি করছে। আমরাও অনেক দিন একসঙ্গে অনুশীলন করছি। এই টুর্নামেন্টে ভালোই করব ইনশা আল্লাহ।’
বাফুফের কৃত্রিম টার্ফে প্রতিদিন দুই বেলা অনুশীলন করছেন সাবিনা-কৃষ্ণারা। মেয়েদের ফিটনেস নিয়েই এখন বেশি কাজ করছেন ছোটন। সাফে খেলা ভারতের কোনো ম্যাচের ভিডিও এখন পর্যন্ত জোগাড় করতে পারেননি কোচ। তবে গত সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চীনা তাইপে ও ইরানের ম্যাচের ভিডিওগুলো নিয়েই চলছে কাটাছেঁড়া।
কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না মেয়েরা। শিলিগুড়ির ঠান্ডাতেও মেয়েদের সমস্যা হবে না বলে মনে করছেন কোচ।