ভারতীয় দলের বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ভারত অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা। এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাই পর্ব খেলতে ঢাকায় আসা দলটিকে বহন করা বাসে কাল হঠাৎ করে ধোঁয়া বের হতে শুরু করে। ঘটনার আকস্মিকতায় ফুটবলার, কোচ ও কর্মকর্তারা ওই সময় আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত তাঁদের উদ্ধার করে টিম হোটেলে নিয়ে যায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। তবে এ ঘটনায় সবাই সুস্থই আছেন।
যান্ত্রিক ত্রুটির কারণে বাসের ইঞ্জিন থেকে এমন ধোঁয়া বের হচ্ছিল বলে জানিয়েছেন দলের কোচ সেভিয়ো মেদেইরা। কাল সকালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠ থেকে নিয়মিত অনুশীলন শেষে টিম হোটেলে ফিরছিল ভারতীয় দল। ওই সময় হঠাৎ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গাড়ি। ঘটনাটিতে যে বেশ ভয় পেয়েছিলেন সেটাই পরে জানালেন সেভিয়ো, ‘সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। একপর্যায়ে গাড়ি থেকে নেমে আমরা রাস্তায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম। আমি তো প্রথমে বুঝতেই পারিনি আসলেই কী ঘটেছে।’ শেষ পর্যন্ত পুলিশের গাড়িতে করে নিরাপদেই টিম হোটেলে ফেরে ভারতীয় দল। পরে এ জন্য পুলিশকে ধন্যবাদ জানাতেও ভোলেননি কোচ, ‘বাংলাদেশের পুলিশকে আমি ধন্যবাদ দিতে চাই। সময়মতো তারা এগিয়ে না এলে হয়তো বড় কোনো বিপদই হতে পারত।’