ভারতীয় ফুটবলেও লেস্টার রূপকথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আই লিগে ইতিহাস গড়ার পর আইজলের ফুটবলারদের বাঁধভাঙা উল্লাস। ছবি: এআইএএফ
আই লিগে ইতিহাস গড়ার পর আইজলের ফুটবলারদের বাঁধভাঙা উল্লাস। ছবি: এআইএএফ

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির চ্যাম্পিয়ন হওয়াকে ফুটবল দুনিয়া রূপকথার গল্পের সঙ্গে তুলনা করেছিল। ইংলিশ ফুটবলের মতোই এবার আরেক রূপকথার গল্প রচিত হয়েছে ভারতীয় ফুটবলে। ‘ভাগ্যের জেরে’ অবনমন থেকে রেহাই পাওয়া উত্তর-পূর্ব রাজ্য মিজোরামের ক্লাব আইজল এফসি মোহনবাগান-ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু এফসির মতো দলগুলোকে টপকে জিতে নিয়েছে ভারতীয় লিগ ‘আই লিগে’র শিরোপা।

মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো ক্লাবগুলোর তুলনায় আইজল ভারতীয় ফুটবলে নিতান্তই ‘শিশু-ক্লাব’। আশির দশকের দিকে মিজোরামের এক ব্যবসায়ী রবার্ট রয়তে তাঁর নিজের গ্রামে এই ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন একেবারে শখের বশে। আন্তগ্রাম টুর্নামেন্টে খেলতে খেলতেই এই ক্লাবের দিন কেটে যাচ্ছিল। রয়তে আসলে আইজলকে নিয়ে সে সময় খুব গুরুত্ব দিয়ে কিছু ভাবেননি। ভারতীয় ফুটবল ফেডারেশনে রেজিস্ট্রেশনই করাননি তিনি।
পাঁচ বছর আগে মিজোরামের প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হয়েছিল। সে লিগে খেলা শুরু করে আইজল। এরপরই বদলে যায় পুরো দৃশ্যপট। ক্লাবের সংগঠকেরা উদ্যোগী হয়ে ওঠেন। আই লিগের দ্বিতীয় বিভাগে এক সময় খেলার সুযোগ মিলে যায়। মিজো লিগে খেলার ছয় বছরের মাথায় আই লিগের শিরোপা! সর্বভারতীয় ফুটবলে আইজল এখন এক অদম্য শক্তি!
ভারতের মূল ভূখণ্ড থেকে এক রকম বিচ্ছিন্ন মিজোরামের জন্য এ অনেক বড় এক অর্জন। ক্লাবটির সাফল্য যে তারা নিজেদের সাফল্য ভাবছে, সেটিও বোঝা যাচ্ছে। আজ সোমবার আধা দিন সরকারি ছুটি ঘোষিত হয়েছে মিজোরামে। ক্লাবের ফুটবলাররা রাজ্যে ফেরার পর বড় উৎসবের পরিকল্পনাও করেছে মিজোরাম রাজ্য সরকার।
অথচ এই আইজলই গত মৌসুমে নেমে গিয়েছিল আই লিগ-২তে। মিজোরামের মুখ্যমন্ত্রী চিঠি লিখেছিলেন ভারতী ফুটবল ফেডারেশনকে—আইজলকে দ্বিতীয় স্তরে না নামিয়ে একবার সুযোগ দেওয়া হোক। সৌভাগ্যবশত ঐতিহ্যবাহী ক্লাব সালগাওকর এফসি আর স্পোর্টিং ক্লাব ডি গোয়া আই লিগ থেকে নাম তুলে নেওয়ায় সুযোগ হয় আইজলের। বাকিটা তো ইতিহাস। এবারের আই লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো প্রতিষ্ঠিত শক্তি মার খেয়েছে আইজলের অদম্যযাত্রার পথে।
গতকাল রোববার লিগ জিততে আইজলের দরকার ছিল মাত্র ১ পয়েন্ট। লাজাং এফসির বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন। খেলার শুরুটা ভালো হয়নি। প্রথমে গোল খেয়ে পিছিয়ে যাওয়ার পর গোল করে সমতায় ফিরেই স্বপ্নটা বাস্তবায়ন করে আইজল। উত্তর-পূর্ব ভারতের কিছুটা পিছিয়ে থাকা জনপদের জন্য আইজল যেন বিরাট এক উপহারই এনে দিল। সূত্র: এনডিটিভি