ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ
শিরোপাস্বপ্ন নিয়েই কাল আইএইচএফ হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু পুরুষ (অনূর্ধ্ব-২১) ও মহিলা (অনূর্ধ্ব-১৯) দুই বিভাগেই ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে কাল পুরুষ বিভাগের ফাইনালে ভারত ৪৬-২৫ গোলে হারিয়েছে বাংলাদেশকে। এই ভারতের কাছেই প্রথম ম্যাচে তারা হেরেছিল ৪৫-৩১ গোলে। কাল শুরুর দিকে একসময় ৮-৭ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এরপর আক্রমণ বাড়াতে থাকে ভারত, একসময় ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ভারতের সর্বোচ্চ ১১ গোল করেন অনিল কুডিয়া।
গতবার আইএইচএফ ট্রফিতে খেলেনি ভারত। এ সুযোগে বাংলাদেশ মহিলা দল হয়েছিল চ্যাম্পিয়ন। এবার ভারতের মেয়েরা একেবারে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশের মেয়েদের। ফাইনালে ভারত ৪৮-২৯ গোলে হারিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের শিফা ও রহিমা সর্বোচ্চ ৮টি করে গোল করেন। ভারতের সর্বোচ্চ ৮টি গোল মনিকার।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।