ভারতে কাজ করার অভিজ্ঞতাই সামনে তুলে ধরলেন বাংলাদেশ দলের নতুন কোচ
গত শনিবার ঢাকায় পা রাখেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা। আজ বিকেলে বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় স্প্যানিশ এই কোচকে। বাংলাদেশ দল নিয়ে নিজের প্রত্যাশার কথা শুনিয়েছেন ৩৭ বছর বয়সী এই কোচ।
স্বপ্ন দেখানো, উন্নতির রাস্তা খোঁজা—প্রতিবার জাতীয় দলের কোচের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যা শোনা যায়, স্বাভাবিকভাবে কাবরেরাও ঘুরিয়ে-ফিরিয়ে সেই একই কথাই বলেছেন। প্রশ্নোত্তর পর্ব শেষে কোচের হাতে জাতীয় দলের একটা জার্সি তুলে দিয়ে ছবির জন্য পোজ দেওয়ার রীতিও পালিত হলো। নতুন বলতে সংবাদ সম্মেলন শেষে কাবরেরা ঘুরে দেখলেন বাফুফের জিমনেসিয়ামটি। পরিচিত হলেন সেখানে ঘাম ঝরাতে থাকা বাফুফের একাডেমির খেলোয়াড়দের সঙ্গে।
কাবরেরার কোচিং ক্যারিয়ারে বেশির ভাগ সময় কেটেছে একাডেমিতে খেলোয়াড় তৈরি করে। ক্লাব ফুটবলেও নেই প্রধান কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা। বাংলাদেশ জাতীয় দলের মধ্য দিয়ে প্রথম কোনো জাতীয় দলের কোচ হয়েছেন তিনি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল, আপনার জন্য এটা বড় চ্যালেঞ্জ কি না?
কাবরেরা বলেন, ‘এটা দারুণ একটা চ্যালেঞ্জ। এ কাজে আমি নতুন নই। আন্তর্জাতিক পর্যায়ে আমার অনেক কাজ করার অভিজ্ঞতা আছে। ভারতে কাজ করার অভিজ্ঞতা আমার কাজে আসবে। এ ছাড়া আমি সাফের খেলা দেখেছি। এএফসি কাপে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের খেলা দেখেছি।’ প্রসঙ্গত, ২০১৪ সালে ভারতের আই লিগের দল গোয়া এফসির সহকারী কোচ ছিলেন কাবরেরা।
মালদ্বীপে অনুষ্ঠিত সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে বাংলাদেশ। ফাইনালে খেলতে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে প্রয়োজন ছিল জয়। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে ১-১ গোলে ড্র করায় স্বপ্নপূরণ হয়নি বাংলাদেশের। এটাকে দুর্ভাগ্য হিসেবে দেখছেন কাবরেরা, ‘সাফে বাংলাদেশ দারুণ ভালো খেলেছে। আমি মনে করি কিছুটা ভাগ্যের সহায়তার অভাব ছিল।’
জাতীয় দল গঠন করা নিয়ে তাঁর পরিকল্পনা, ‘শুরু থেকেই আমার লক্ষ্য থাকবে প্রতিযোগিতামূলক একটা দল তৈরি করা। জাতীয় দলের খেলোয়াড়দের যেখানে যেভাবে প্রয়োজন, সেভাবে তাদের সহযোগিতা করতে চাই।’
নতুন কোচ মানেই একটা প্রশ্ন অবধারিত—তাঁর অধীন কোন কৌশলে খেলবে জাতীয় দল? নির্দিষ্ট কোনো কৌশল বেছে নিচ্ছেন না কাবরেরা, ‘পরিস্থিতি বুঝে খেলতে পারে এমন দল তৈরি করতে চাই। এমন নয় যে সব সময় বলের দখল রাখতে হবে।’
স্প্যানিশ কোচ শুনলেই তো ইদানীং বল দখলে রেখে ছোট ছোট পাসে খেলার কৌশলের কথা মাথায় আসে, কাবরেরা সেভাবে নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে বাঁধতে চান না, ‘কখনো বল দখলে রেখে খেলতে হতে পারে। কখনো আবার বুঝতে হবে যে কোথায় ফাঁকা জায়গা কাজে লাগানো যায়, সেটি বুঝে প্রতিপক্ষ রক্ষণভাগের পেছনে লম্বা বল খেলে আক্রমণেও উঠতে হতে পারে। আবার অনেক সময় যখন বল আমাদের পায়ে থাকবে না, তখন স্বেচ্ছায় উদ্যোগী হয়ে প্রতিপক্ষের অর্ধে গিয়ে ওদের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমি মনে করি না নির্দিষ্ট কোনো কৌশলে খেলার প্রয়োজন আছে।’
কাবরেরার প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। এই মাসে ইন্দোনেশিয়ায় গিয়ে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু কয়েকজন খেলোয়াড় এখনো দুই ডোজ টিকা না নেওয়ায় সে সফর বাতিল করা হয়। তাই আপাতত জাতীয় দল নিয়ে নতুন কোচের হাতে কোনো কাজ নেই।
তবে কাবরেরার বসে থাকার পরিকল্পনা নেই। আপাতত তিনি ঘুরে ঘুরে ক্লাবগুলোর অনুশীলন দেখবেন। আগামী শুক্রবার আবাহনী লিমিটেডের অনুশীলন দেখার মধ্য দিয়ে শুরু হবে সে যাত্রা। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের ম্যাচ দেখবেন কাবরেরা।