ফুটবলে বহুল প্রচলিত একটি কথা আছে, ‘প্রথম ম্যাচে জয় মানে অর্ধেক কাজ শেষ।’ এএফসি কাপের প্রথম ম্যাচে সে জয় নিয়ে অর্ধেক কাজ শেষ করে ফেলেছে বসুন্ধরা কিংস। আন্ত–আঞ্চলিক এই টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে বাকি অর্ধেক কাজ একেবারে সহজ নয়। আজ বসুন্ধরার প্রতিপক্ষ ভারতের বেঙ্গালুরু এএফসি ক্লাব। মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে।
এএফসি কাপে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুটি দল। তাই তাদের মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যান ঘেঁটে দেখার কোনো সুযোগ নেই। তবে বাংলাদেশের ক্লাবের বিপক্ষে বেঙ্গালুরুর ইতিহাস বেশ সমৃদ্ধ। ২০১৭ ও ২০১৮ সালে এএফসি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে মোট ৪ ম্যাচ খেলে এক হারের বিপরীতে ৩টিতেই জিতেছিল তারা।
তবে বাংলাদেশের ক্লাব হলেও বসুন্ধরা একটু অন্য ধাঁচের দল। আর এই বসুন্ধরাকে বেঙ্গালুরু কোচের মনে হচ্ছে ভয়ংকর এক দল।
এখন পর্যন্ত এএফসি কাপে নিজেদের ইতিহাসে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে বসুন্ধরা। ৭ গোল করার বিপরীতে একটি মাত্র গোল খেয়েছে তারা। এর সঙ্গে ঘরোয়া ফুটবলে তাদের অতীত পরিসংখ্যানটাও জানা বেঙ্গালুরুর জার্মান কোচ মার্কো পেজাউওলির।
কাল ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এমন একটা ভয়ংকর দলের বিরুদ্ধে খেলতে যাচ্ছি, যারা তাদের লিগে ৫৫টা গোল করার বিপরীতে খেয়েছে মাত্র ৯টি। এখানে (এএফসি কাপে) প্রথম ম্যাচে আবার ওরা ২-০ গোলে জিতেছে।’
বসুন্ধরার শক্তির দিকগুলোও ভালোই জানা বেঙ্গালুরুর কোচের, ‘তাদের রক্ষণভাগ বেশ শক্তিশালী। বিশেষ করে রক্ষণ থেকে আক্রমণে ওঠার সময়গুলোয় তারা খুবই সংগঠিত একটি দল। তাদের গোল করার কোনো সুযোগ দেওয়া যাবে না।’
নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা যেখানে স্বাগতিক মালদ্বীপের ক্লাব মাজিয়াকে হারিয়েছে ২-০ গোলে, স্বদেশি ক্লাব মোহনবাগানের বিপক্ষে ২-০ গোলে হেরে পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে পিছিয়ে গেছে বেঙ্গালুরু।
টুর্নামেন্টে টিকে থাকতে আজ তাদের জয়ের বিকল্প নেই। তবে চাপ নিচ্ছেন না পেজাউওলি, ‘আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা ম্যাচে যাব এবং খেলা উপভোগ করব। আমরা জিততে চাই, কিন্তু বসুন্ধরা বেশি অনুপ্রাণিত থাকবে।’
বাংলাদেশের প্রেক্ষাপটে বেঙ্গালুরু দলটির মূল শক্তি বলা যায় ভারত জাতীয় দলের অধিনায়ক ও স্ট্রাইকার সুনীল ছেত্রীকে। বাংলাদেশ জাতীয় দল কিংবা বাংলাদেশের কোনো ক্লাবকে সামনে পেলেই যেন বেশি অনুপ্রাণিত হয়ে মাঠে নামেন তিনি।
এই তথ্যগুলো তো আর দক্ষিণ এশিয়ার ফুটবলে পোড় খাওয়া বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের অজানা নয়। এএফসি কাপে বেঙ্গালুরুকে হারানোর ইতিহাসও আছে অস্কারের। ২০১৮ সালে এএফসি কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে ৬ ম্যাচ খেলে বেঙ্গালুরু কেবল একটি ম্যাচই হেরেছিল, সেটি অস্কারের সে সময়ের ক্লাব মালদ্বীপের নিউ রেডিয়েন্টের বিপক্ষে।
আজ বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচের জয়ের অনুপ্রেরণা ছাড়াও আরও একটি কারণে নিজেদের এগিয়ে রাখছেন অস্কার। সেটি মালের আবহাওয়া। স্থানীয় সময়ে বিকেল ৪টায় (বাংলাদেশের চেয়ে ১ ঘণ্টা পিছিয়ে আছে মালদ্বীপ) খেলা শুরু হওয়া মানে বাংলাদেশে এই আবহাওয়ায় খেলে অভ্যস্ত বসুন্ধরা।
সংবাদ সম্মেলনে সেটিই বলেছেন অস্কার, ‘আমরা বুঝতে পারছি ম্যাচে বেঙ্গালুরুর জয়ের প্রয়োজন। আমরা চেষ্টা করব আমাদের খেলার ধারা ধরে রেখে পরিকল্পনা অনুযায়ী কাজ করার। আমরা মালের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছি, ভালোই লাগছে। বিকেল ৪টায় খেলা মানে আমাদের কোনো সমস্যা হওয়ার কিছু দেখছি না। বাংলাদেশের আবহাওয়া একই রকম এবং এটি আমাদের জন্য ভালো কাজে আসবে।’
ভারতের আইএসএলে কোচিং করানোর সুবাদে বেঙ্গালুরু সম্পর্কে ভালোই জানা আছে বসুন্ধরা কোচের। অস্কার বলেছেন, ‘বেঙ্গালুরু আমাদের কৌশলের পাল্টা জবাব দিতে অনেক উঁচুতে ডিফেন্স লাইন উঠিয়ে আমাদের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করবে। জিততে হলে আমাদের নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, প্রতিপক্ষকে হতাশ করে ওদের ভুল করতে বাধ্য করতে হবে। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিততে হবে।’
প্লে-অফ পর্ব পেরিয়ে গ্রুপ পর্বে এসেছে বেঙ্গালুরু। তাদের সর্বশেষ দুটি ম্যাচ দেখে দলটি সম্পর্কে অস্কারের মূল্যায়ন, ‘বেঙ্গালুরুকে ছোট করে দেখা উচিত হবে না। খুবই বিপজ্জনক দল। বিশেষ করে সুনীল ছেত্রী, ক্লেইতন সিলভা, সুরেশ সিংয়ের মতো ফরোয়ার্ড আছে। দুজন শক্তিশালী সেন্টারব্যাকও আছে। তবে পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে মনে হয় না তারা শতভাগ ঠিক আছে। মাঝমাঠে সমস্যার জন্য তারা মোহনবাগানের কাছে হেরেছিল।’