ভারতের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
কাল শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুটা ভালো হলে দলের আত্মবিশ্বাস যায় বেড়ে। মানসিকভাবে খেলোয়াড়েরাও হয়ে ওঠেন ফুরফুরে। আজ মালেতে সকালের অনুশীলনে জামাল ভূঁইয়া, তপু বর্মণরা এমন মেজাজেই ছিলেন।
ডিফেন্ডার রেজাউল করিম জ্বরে আক্রান্ত বলে অনুশীলনের বাইরে আছেন। হালকা ওয়ার্মআপ করেছেন ডিফেন্ডার তারিক কাজী ও তপু বর্মণ। প্রথম ম্যাচের গোলদাতা তপুর হালকা চোট আছে বলে দলীয় সূত্র জানিয়েছে। আশার কথা হলো, জ্বর থেকে সুস্থ হয়ে মালেতে দলের সঙ্গে প্রথম অনুশীলন করেছেন মিডফিল্ডার সোহেল রানা। ভারতের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে অভিজ্ঞ এই মিডফিল্ডারের। সোমবার অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দিকে সব খেলোয়াড়ের নজর।
ঢাকা ছাড়ার আগে কোচ থেকে খেলোয়াড় সবাই বলেছিলেন, ম্যাচ ধরে ধরে এগোতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটি এখন অতীত। এখন সব ভাবনা ভারত ম্যাচকে কেন্দ্র করে। আজ অনুশীলন শেষে সহকারী কোচ মাহবুবুর রক্সি বলেন, ‘পরবতী ম্যাচ ভারতের বিপক্ষে। আমরা বলেছি ম্যাচ ধরে ধরে এগোবো। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য যে পরিকল্পনার প্রয়োজন, সেটা নিয়ে এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। এখন আমাদের গোল বাড়াতে হবে। গোল করার জন্য যে পরিস্থিতি সৃষ্টি করা প্রয়োজন, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা তা করেছিলাম। গোলের জন্য ভাগ্যেরও প্রয়োজন হয়।’
বাংলাদেশ (১৮৯) ও ভারতের (১০৭) র্যাঙ্কিংয়ের ব্যবধান অনেক হলেও দুটি দল মাঠে নামলে সেই পার্থক্যটা সাধারণত আর অতটা প্রকট থাকে না। প্রতিবেশী দেশটির বিপক্ষে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন বাংলাদেশের ফুটবলাররা। মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই হাইভোল্টেজ ম্যাচ। আমাদের সব খেলোয়াড়েরা এই ম্যাচ খেলার জন্য অধীর অপেক্ষায় আছে। আমি ব্যক্তিগতভাবেও খুব আগ্রহী। এর আগে সল্টলেকে ভালো খেলেও আমরা জিততে পারেনি। এবার জয়টা পেলে ভালো হয়।’
এর আগে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে সল্টলেকে ১ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। যদিও এই বছর দ্বিতীয় পর্বে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। চলতি সাফে বাংলাদেশ ম্যাচ খেললেও এখনো মাঠে নামেনি ভারত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবেন সুনীল ছেত্রীরা।