ভারতের বিপক্ষে অসহায় বাংলাদেশের ফুটবলাররা
‘বাংলাদেশ ইজ বেটার দ্যান ইন্ডিয়া’—এসএ গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের স্প্যানিয়ার্ড কোচ গঞ্জালো মোরেনো এই কথাটা বলেই তাতিয়ে দিতে চেয়েছিলেন পুরো দলকে। হয়তো ভেবেছিলেন, কাগজে-কলমে যা-ই হোক, এ রকম কথাও তো মাঝে-মধ্যে উদ্দীপনা হতে পারে। কিন্তু কোথায় উদ্দীপনা, কোথায় কী! গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে ৩-০ গোলে হেরে দেশের ফুটবলের করুণ চেহারাটাই যেন নতুন করে তুলে ধরল অনূর্ধ্ব-২৩ দল।
দুপুরের রোদে খেলতে নেমে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রথম থেকেই এলোমেলো ছিলেন রায়হান-ইয়াসিন-জামাল-সিফাতরা। ভারতের সীমানায় গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছিলেন, নিজেদের অর্ধে ভুল পাস দিয়ে বল তুলে দিচ্ছিলেন ভারতীয় ফরোয়ার্ডদের পায়ে। সুযোগের দারুণ সদ্ব্যবহারে ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ভারত। এরপর ৬৩ মিনিটে তৃতীয় গোলটিও হজম করে ম্যাচ থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ দল।
২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ এসএ গেমসে ফুটবলে সোনা জিতেছিল বাংলাদেশ। সেবার ভারতকে সেমিফাইনালে হারিয়েই ফুটবল ফাইনালের টিকিটটা হাতে নিয়েছিল আমিনুল হকের দল। কিন্তু এবার সোনা ধরে রাখার মিশনে প্রথম দিন থেকেই যেন ছন্নছাড়া বাংলাদেশ।
ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যাওয়ার পর এবার ব্রোঞ্জেই চোখ বাংলাদেশের। আজ সন্ধ্যায় নেপাল ও মালদ্বীপের মধ্যে হতে যাওয়া দ্বিতীয় সেমির পরাজিত দলকে হারিয়েই সেই লক্ষ্যটা পূরণ করতে হবে বাংলাদেশকে। কিন্তু এমন পারফরম্যান্সের পর ব্রোঞ্জ জয়ের প্রত্যাশাও যে বাড়াবাড়ি মনে হচ্ছে!