ভারতের বিপক্ষে দুবার সফল হওয়া ছেলেটিই কাল পারলেন না

আতিকুজ্জামান পারেননি টাইব্রেকারে মোহামেডানকে জেতাতে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুমে নেই। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কাল রাতে মোহাম্মদ আতিকুজ্জামানকে পাওয়া গেল মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছোট মাঠে। হেঁটে বেড়াচ্ছেন আনমনে। কয়েক ঘণ্টা আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টাইব্রেকার থেকে বল জালে জড়াতে না পারার হতাশা তাড়িয়ে বেড়াচ্ছিল মোহামেডানের এই ডিফেন্ডারকে।

রুদ্ধশ্বাস এক ম্যাচে তুলির শেষ আঁচড়টি টানতে পারেননি আতিকুজ্জামান। সেটি পারলে হতে পারতেন মোহামেডানের শুরু ও শেষের নায়ক! কাল ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে এক মিনিটের মাথায় প্রথম গোল করে মোহামেডানকে এগিয়ে নিয়েছিলেন তিনিই। কিন্তু টাইব্রেকারের সাডেন ডেথের তিন নম্বর শটটি থেকে বল জালে জড়াতে ব্যর্থ হওয়ায় ৭-৬ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মোহামেডানকে।

নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় শেষ হওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানেও পঞ্চম শট শেষেও ৪-৪ সমতা। সাডেন ডেথে প্রথম দুই শট থেকে গোল করে মোহামেডান ও সাইফ উভয় দলই। সাডেন ডেথের তিন নম্বর শটটি বাইরে মেরেছেন আতিকুজ্জামান। পাঁচ কদম দৌড়ে এসে তিনি যে শটটি নিয়েছেন, তা সাইড পোস্টের অনেক বাইরে দিয়ে চলে যায়। ফুটবলে এমন ঘটনা অহরহ ঘটে।

টাইব্রেকারে গোল করতে না পেরে বিধ্বস্ত আতিকুজ্জামান (৫ নম্বর জার্সি)
ছবি: প্রথম আলো

কিন্তু কেন এমন হলো? কারণটি নিজেও বুঝতে পারছেন না আতিকুজ্জামান, ‘গোলকিপারকে তো এক পাশে নিয়ে গিয়েছিলাম। কিন্তু বলটাই পোস্টে রাখতে পারলাম না। কেন যে এমন হলো বুঝতে পারলাম না।’

অথচ পেনাল্টি থেকে গোল করা আতিকুজ্জামানের কাছে খুবই সহজ কাজের মতো। সেটা জানতে ৫ বছর পেছনে ফিরে তাকাতে হবে। ২০১৫ সালে সিলেটে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবার কিশোর দলের হয়ে স্পট কিক থেকে ভারতের বিপক্ষে দু-দুবার বল পোস্টে জড়িয়েছিলেন তিনি। গ্রুপ পর্বে ১-১ সমতায় থেকে শেষ হতে যাচ্ছিল বাংলাদেশ-ভারত ম্যাচ। শেষ দিকে বাংলাদেশ পেনাল্টি পেলে কোচ আতিকুজ্জামানের হাতেই তুলে দিয়েছিলেন বল এবং গোল করতেও কোনো ভুল করেননি তিনি।

ভারতের বিপক্ষে ফাইনালে ১-১ গোলে সমতায়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বাংলাদেশের হয়ে তিন নম্বর শটটি নিয়ে বল জালে জড়িয়েছিলেন আতিকুজ্জামান। এ ছাড়া পরবর্তী সময়ে সময়ে যে দলের হয়েই খেলেছেন, স্পট কিক থেকে বল জালে জড়ানোর ব্যাপারটি খুব সহজেই করেছেন তিনি।

এই যেমন মোহামেডান দলের অনুশীলনে স্পট কিকে এতটাই ভালো শট নেন যে কাল টাইব্রেকারে প্রথম শটটি তাঁকেই নিতে বলা হয়েছিল। কিন্তু মন সায় না দেওয়ায় নেওয়া হয়নি। সাডেন ডেথের তৃতীয় শটে গিয়ে দলের প্রয়োজনে বল হাতে তুলে নেন। কিন্তু শেষ পর্যন্ত পোস্টের বাইরে মারেন তিনি। কাল রাতে বলছিলেন, ‘পেনাল্টি বা টাইব্রেকার আগে কখনো মিস করেছি বলে মনে হয়নি। কিন্তু আজ (কাল) যে কী হলো।’

একজন রাইট ব্যাক হয়েও ফেডারেশন কাপে দুটি গোল করেছেন আতিকুজ্জামান। এতেই বোঝা যায় রক্ষণ সামলে সেট পিসে গিয়ে গোল করতেও জুড়ি নেই তাঁর। গেল দুই মৌসুম ধরে মোহামেডানে খেলা আতিক এর আগে আরামবাগ ক্রীড়া সংঘ ও ভিক্টোরিয়ার হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে খেলেছেন।