ভারতের বিপক্ষে প্রেরণা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড!

রোমাঞ্চ কাকে বলে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়াম দেখেছিল সোমবার সন্ধ্যায়। যার শেষ হয়েছিল বাংলাদেশের জয়ে। অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধে তিন গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে প্রথমে গুনে গুনে তিন গোল শোধ করে। এরপর ম্যাচের যোগ করা সময়ে ছিনিয়ে নেয় জয়সূচক গোল।
যুবাদের সেই অবিশ্বাস্য জয়ের রেশ এখনো আছে টুর্নামেন্টে। সেই এক জয় বাংলাদেশকেও কতটা উজ্জীবিত করেছে, কাছে থেকে এই দলটাকে না দেখলে বোঝা যাবে না। কীভাবে সম্ভব হলো এমনভাবে ঘুরে দাঁড়ানো?
সে গল্প অনেকটাই বলা হয়ে গেছে। তবে একটা গল্প এখনো বলা বাকি। সেটাই জানা গেল। জানা গেল, ম্যাচের শেষ মুহূর্তেও পিছিয়ে থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের শরীরী ভাষা যে ইতিবাচক ছিল, তার পেছনে কারণ হিসেবে কাজ করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড!
আগের রাতেই এভারটনের বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে শেষ সাত মিনিটে তিন গোল করেছিল হোসে মরিনহোর দল। ম্যাচটি টিভিতে দেখেছিল বাংলাদেশ দলের গোলরক্ষক মাহফুজ হাসান প্রিতম, যা তার মনে ছিল গেঁথে। ৩-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে বাংলাদেশ। সবাই মাঠে নিজেদের মধ্যে শেষবারের মতো আলোচনা করে নিচ্ছে। তখন প্রিতম সতীর্থদের বলছিল, ‘কাল রাতে এভারটনের বিপক্ষে শেষ ৭ মিনিটে তিন গোল দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুটবলে অসম্ভব কিছুই নয়। আমাদেরও ঘুরে দাঁড়ানোর জন্য এমন সাতটা মিনিট দরকার। আমরাও তো তিন গোল দিতে পারি। আমরা হয়তো যেমন ম্যানচেস্টার নয়, কিন্তু ওরাও তো এভারটন নয়।’
৩-০ গোলে পিছিয়ে থাকা দলগুলোর মানসিক লড়াইয়ের রসদ ওখানেই ফুরিয়ে যায়। দ্বিতীয়ার্ধে দলটা খেলতে নামে গোলের ব্যবধান যেন আর না বাড়ে। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট থেকেই বাংলাদেশকে সেই ম্যাচে চনমনে দেখিয়েছে। মনে হয়েছে, স্কোর ভুলে গিয়ে খেলতে নেমেছে তারা। এরই ফসল এমন এক জয়, যা ভুটানেও বেশ আলোচিত।