ভারতের সঙ্গে জিততে চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ কেন সেট পিসেই বারবার গোল খাচ্ছে? কীভাবে এই “সেট পিস ক্যানসার” থেকে মুক্তি পেতে পারে বাংলাদেশ?’ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কাল এমন প্রশ্ন উঠতেই বেশ রেগে গেলেন কোচ লোডভিক ডি ক্রুইফ। উত্তর তো দিলেনই না বরং এড়িয়ে গেলেন সরাসরি।
সম্প্রতি ডি ক্রুইফের বাবা ক্যানসারে মারা গেছেন। বাংলাদেশের ফুটবলারদের সেট পিসের দুর্বলতাকে ক্যানসারের সঙ্গে তুলনা করায় মোটেও খুশি হননি ডাচ কোচ, পরক্ষণেই তা বুঝিয়ে দিলেন।
প্রসঙ্গটা কোচ হয়তো এড়িয়ে গেলেন, কিন্তু সেট পিস থেকে দল যে রাশি রাশি গোল খাচ্ছে, এটা তো সত্যি। চলতি এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল বাছাইপর্বের গত দুই ম্যাচে ৮ গোল খেয়েছে বাংলাদেশ। সব কটিই সেট পিস থেকে।
ফুটবলাররা অবশ্য সিরিয়া ও উজবেকিস্তানের ম্যাচের দুঃস্বপ্ন একেবারে ভুলে যেতে চান। আজকের প্রতিপক্ষ ভারত বলেই কিনা জিততে বেশি মরিয়া সবাই। প্রতিবেশী দেশ দুটির শক্তি-সামর্থ্য ও র্যাঙ্কিং প্রায় কাছাকাছি। আর এসবই আত্মবিশ্বাস জোগাচ্ছে সহ-অধিনায়ক সোহেল রানাকে, ‘এই ম্যাচে দুই দলেরই ফিফটি-ফিফটি সম্ভাবনা। তবে আমরা আত্মবিশ্বাসী, গত দুই ম্যাচের মতো ফল হবে না। আশা করি ভারতের সঙ্গে জিতব।’ অধিনায়ক রায়হান হাসান গত ম্যাচে লাল কার্ড পাওয়ায় আজ হয়তো সোহেল রানার হাতেই উঠবে অধিনায়কের বাহুবন্ধনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
টানা দুই হারে আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে বাংলাদেশ ও ভারত। আনুষ্ঠানিকতার এই ম্যাচ এক অর্থে দুই দলের কাছে মর্যাদার লড়াই। এই লড়াইয়ে জিততে চান বাংলাদেশের কোচ লোডভিক ডি ক্রুইফ, ‘গত দুই বছর দুর্ভাগ্যক্রমে ভারতের সঙ্গে আমরা কয়েকবার হেরেছি, নয়তো শেষ মিনিটের গোলে ড্র করেছি। ছেলেরা প্রতিশোধ নিতে উন্মুখ।’ ওদিকে বাংলাদেশ থেকে একটা জয় নিয়ে ফিরতে চান ভারতের কোচ সেভিয়ো মেদেইরা।
‘ই’ গ্রুপের অন্য ম্যাচে আজ গ্রুপ চ্যাম্পিয়ন হতে লড়বে সিরিয়া ও উজবেকিস্তান। এই দুই দলই টানা দুটি করে ম্যাচ জিতেছে। আগামী বছর কাতারে চূড়ান্ত পর্বে খেলবে গ্রুপের চ্যাম্পিয়নরা।