ভারতের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কিন্তু আজ ভারতের বিপক্ষে কী করবে বাংলাদেশের মেয়েরা? মেয়েদের ফুটবলে ভারত বাংলাদেশের কাছে প্রায় অজেয় এক শক্তি। গত তিনবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে এর আগে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে খেলা। প্রথম ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচটির গুরুত্ব শুধু গ্রুপের শ্রেষ্ঠত্ব নির্ধারণে। গোলগড়ে পিছিয়ে থাকা ভারতের সঙ্গে আজ ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠবে সাবিনার দল।
ভারতের সঙ্গে এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে সব কটিতেই হেরেছে বাংলাদেশ। শক্তিতে ভারত বরাবরই এগিয়ে, তাদের খেলোয়াড়দের গড় বয়সও বাংলাদেশের চেয়ে বেশি। অভিজ্ঞ বালা দেবী, সুস্মিতা মালিকদের সঙ্গে খেলার আগে মানসিকভাবেই যেন এত দিন পিছিয়ে থাকতেন বাংলাদেশের মেয়েরা। তবে দিন বদলেছে, আগের চেয়ে বাংলাদেশ এখন অনেক আত্মবিশ্বাসী। কোচ গোলাম রব্বানী ছোটনের কণ্ঠে সেই দিনবদলের গান, ‘আগে মাঠে নামলে প্রতিপক্ষ নিয়ে যে ভয়টা কাজ করত সেটা আর নেই। আফগানিস্তানের ম্যাচেই সেটা দেখিয়েছে মেয়েরা। ওই দলের অনেকে ইউরোপে খেলে। আমাদের চেয়ে শারীরিকভাবেও অনেক শক্তিশালী ওরা। আমাদের মেয়েরা এখন প্রতিপক্ষের ওপর চড়াও হতে জানে।’
শক্তিশালী ভারতের সঙ্গে ড্র করতে পারলেই খুশি থাকবেন গোলাম রব্বানী, ‘ভারত কঠিন প্রতিপক্ষ। ওদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। আমাদের দলটা তুলনায় তরুণ। কিন্তু গত দুই-তিন বছরে যথেষ্ট উন্নতি করছে মেয়েরা। সেই ধারাবাহিকতা ধরে রেখে ভারতের সঙ্গে ভালো খেলার চেষ্টা করব।’
প্রথম ম্যাচে বাংলাদেশের ছয় গোলের পাঁচটিই করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। আজও গোল করতে চান, তবে নিজেদের রক্ষণ সামলানোর দিকেও জোর দিচ্ছেন সাতক্ষীরার মেয়ে, ‘ভারতের বিপক্ষে গোল করতেই হবে এমন পরিকল্পনা নিয়ে মাঠে নামব না আমরা। ড্র করতে পারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাব। গোল করতে না পারলেও গোল না খাওয়ার দিকেই বেশি লক্ষ্য থাকবে।’