ভারতের সামনে গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে ক্রিস গেইল l এএফপি
ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে ক্রিস গেইল l এএফপি

ওয়াকার ২২ গজে বল ছোটে বুলেটগতিতে। পিচে গোঁত্তা খেয়ে ছোবল দেয় সাপের মতো। সেখানেই খেলতে হলো অ্যামব্রোস-মার্শাল-প্যাটারসন-কামিন্সকে। যা হওয়ার হলো তাই, ১২৬ রানেই শেষ ভারত। ৪৮ ওভার খেলে বাউন্ডারি মাত্র দুটি! কিন্তু ভারতীয়দের ওপর ভর করল যেন ১৯৮৩ বিশ্বকাপের ফাইনাল। প্রথম বলেই ডেসমন্ড হেইন্সকে ফেরালেন কপিল দেব। অভিষিক্ত পেসার সুব্রত ব্যানার্জির বলেও আগুন। শেষ ওভারে শচীন টেন্ডুলকারের মিডিয়াম পেসে স্লিপে মোহাম্মদ আজহারউদ্দিনের দুর্দান্ত ক্যাচ। ম্যাচ টাই!
ভাবছেন আজকের ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ে কপিল-হেইন্সরা কোত্থেকে এল? বিস্মৃতির অতল গহ্বর থেকে কীভাবে উঠে এলেন সুব্রত! আসতেই পারে, দুই দলের দুজনের কল্পনার ছবিতে! রবি শাস্ত্রী ও রিচি রিচার্ডসন আজকের ম্যাচের আগে স্মৃতির ডানায় ফিরে যেতে পারেন ১৯৯১ সালের ডিসেম্বরের সেই রাতে। ক্রিকেটীয় অনিশ্চয়তার আদর্শ প্রামাণ্যচিত্র দেখিয়ে ১২৬ রানের ম্যাচ টাই করেছিল দুই দল। পার্থে ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াই, সেই প্রথম ও সর্বশেষ। আবারও যখন পার্থে মুখোমুখি দু্ই দল, ওই ম্যাচের স্মৃতির ধুলোতে একটু ফুঁ দেওয়া তো হবেই!
সেই রামও নেই, অযোধ্যাও নেই। ওয়াকার ২২ গজ আজ অতীতের কঙ্কাল। সেদিন ভারতের ইনিংস শুরু করা শাস্ত্রী এই ভারতের টিম পরিচালক। সেদিন টস করতে নামা রিচার্ডসন আজ ক্যারিবিয়ানদের ম্যানেজার। বদলে গেছে বাস্তবতাও। সেদিন দোর্দণ্ড প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টাই করতে পারা ভারতের জন্য ছিল বড় পাওয়া। আজ ওয়েস্ট ইন্ডিজের জয়টাই হবে বিস্ময়। রিচার্ডস-রিচার্ডসন-লারাদের ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে এখন জেসন হোল্ডার নামের আনকোরা তরুণ!
পার্থ নামটি যন্ত্রণার কাঁটা বেঁধায় স্বয়ং হোল্ডারকেও। দুই বছর আগে এই মাঠেই ওয়ানডে অভিষেক। স্বপ্নের অভিষেক দুঃস্বপ্ন হয়ে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ ৭০ রানে গুটিয়ে যাওয়ায়। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার মতো সাম্প্রতিক উপাদানও নেই। বরং বিশ্বকাপে সবশেষ ম্যাচের ক্ষত এখনো দগদগে। এবি ডি ভিলিয়ার্সের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছিল ক্যারিবিয়ান বোলিং, শেষ ২ ওভারে ৬৪ রানসহ হোল্ডার গুনেছিলেন ১০৪ রান। আয়ারল্যান্ডের কাছে হারে শুরু করা ক্যারিবিয়ানরা ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তানকে হারিয়ে। দক্ষিণ আফ্রিকার ধাক্কায় আবার বাস্তবের জমিতে ধপাস! আজকের বাস্তবতাও সহজ নয়। শিরোপা জয়ের পর এবার ধরে রাখার মিশনেও যে অজেয় ভারত!
নিউজিল্যান্ডের সঙ্গে ভারত এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজেয় দল। শুধু টানা ৩ ম্যাচের জয়ই নয়, ভারত সমীহ জাগাচ্ছে জয়ের ধরনেও। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা পাত্তাই পায়নি। সবশেষ ম্যাচে আমিরাতকে তো উড়িয়ে দিল ফুৎকারে। আজ ক্যারিবিয়ান সাগর থেকে উঠে আসা ঝড়ই যদি পারে ধোনিদের টলাতে! সেই ঝড়ের নাম হতে পারে ক্রিস গেইল। তবে এই ঝড় কবে উঠবে, জানেন না স্বয়ং গেইলও।
গেইল-দানব পথে দাঁড়িয়ে গেলেই কেবল থামতে পারে। নইলে হয়তো ভারতের জয়রথই ছুটবে!
মুখোমুখি ভারত–ওয়েস্ট ইন্ডিজ
ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ভারত টাই/ফল হয়নি
মোট ১১৫ ৬০ ৫২ ১/২
বিশ্বকাপে ৭ ৩ ৪ ০/০
অস্ট্রেলিয়ায় ৪ ১ ২ ১/০