ভারতের সাম্রাজ্য এখন বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের এমন সাফল্য পরিচিত দৃশ্য। ছবি: শামসুল হক
বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের এমন সাফল্য পরিচিত দৃশ্য। ছবি: শামসুল হক

‘বাংলাদেশের কিশোরী মেয়েদের ঠেকানোর জন্য আপনার হাতে বিশেষ কোনো কৌশল আছে?’

ভারতীয় কোচ সাজিদ ধরকে প্রশ্নটি করে উত্তরের অপেক্ষায় ছিলেন কলকাতার এক সাংবাদিক। সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন সাজিদ ধর। কিন্তু দেখে মনে হলো, উত্তর দিয়ে না স্বস্তি পেয়েছেন ভারতীয় কোচ, না আশ্বস্ত হতে পেরেছেন প্রশ্নকর্তা।
বছরের শুরুর কথা। এক ঝাঁক কিশোরী নিয়ে প্রথমবারের মতো নারী সাফ ফুটবলের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ অভিজ্ঞ খেলোয়াড়-সমৃদ্ধ আগের টানা তিন আসরের চ্যাম্পিয়ন ভারত। অথচ শিলিগুড়িতে ফাইনাল পূর্ব সেই সংবাদ সম্মেলনে সব কথাবার্তাই যেন ছিল প্রশ্নের আড়ালে বাংলাদেশের কিশোরীদের স্তুতি। আর উত্তরগুলো ছিল ফাইনালে মাঠে নামার আগেই বাংলাদেশের জন্য জয় পাওয়ার মতোই। ফাইনালে হেরেছিল বাংলাদেশ। তবে ভারতীয় কোচকে নাকানি-চুবানি খাওয়ানোর আগে নয়।
গতকাল ভারতীয় অনূর্ধ্ব-১৫ দলের কোচ মায়মল রকির কান্না লুকোনোর বৃথা চেষ্টাটাও দেখলাম। নিজে এক হাত দিয়ে চোখ মুছছেন, আরেক হাত দিয়ে শিষ্যদের চোখ মুছে দিচ্ছেন। আর পাশেই তখন ‘বাংলাদেশ, বাংলাদেশ’ গর্জন চলছে। লাল-সবুজ পতাকা নিয়ে মারিয়া মান্ডা, শামসুন্নাহারদের সে কী বাঁধভাঙা উচ্ছ্বাস। ভারতের কান্না আর বাংলাদেশের উচ্ছ্বাসটা এক ফ্রেমে বাঁধলে যে ছবি পাওয়া যায়, তা হলো ভারতকে হটিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের মশাল এখন বাংলাদেশের হাতে।
ভারতীয় কোচ মায়মল রকিও বিষয়টি অনুধাবন করতে পারছেন, ‘বাংলাদেশ যেভাবে প্রস্তুতি নিচ্ছে, খেলছে, আমি বিশ্বাস করি, তারা যদি এভাবেই চালিয়ে যেতে থাকে, তাহলে নিকট ভবিষ্যতে তারা দক্ষিণ এশিয়া এবং এশিয়ান পর্যায়েও টুর্নামেন্টগুলোতে ভালো করবে।’
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারতের সাম্রাজ্যটা একেবারেই গেড়ে বসা। সিনিয়র চারটি সাফ ফুটবলের চারটিতেই তারা চ্যাম্পিয়ন। তবে এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে লড়াই করে চ্যাম্পিয়ন হতে হয়েছে তাদের। ফাইনালের আগে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেটা ছিল হারের বৃত্ত থেকে বের হয়ে এসে প্রথম চোখে চোখ রেখে কথা বলা।
সিনিয়র পর্যায়ে এখনো ভারতকে হারানো না গেলেও বয়সভিত্তিক ফুটবলে টানা চার ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ সাফের আগে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপেও ভারতকে দুইবার হারিয়েছিল বাংলাদেশ। বয়সভিত্তিক সাফল্যই যদি হয় ভবিষ্যতের রূপরেখা, তাহলে ভারতের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বাংলাদেশ।
সুখের সময়ে পেছনের সেই দুঃখের গল্পগুলো মনে করার চেষ্টা করলেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানি, ‘ভারতের সঙ্গে আমরা শুধু ঠেকাতাম। কত কম গোল খাওয়া যায়, তাই শুধু ভাবতাম। এসএ গেমসে ৭ গোল খেয়েছি, সাফে ৬ গোল। এখন দিন পরিবর্তন হয়েছে। সামনের সিনিয়র সাফেই ভারত আর আমাদের সঙ্গে পারবে না।’ দেশের মহিলা ফুটবলে জাগরণের শুরু থেকেই আছেন ছোটন। তাঁর চেয়ে ভালো মেয়েদের আর কেই-বা বোঝেন। এই চ্যাম্পিয়ন মেয়েরা তো তাঁরই হাতে তৈরি।
গতকাল বিজয় উৎসবে একটি গান বাজছিল বারবার, ‘চলো বাংলাদেশ, বিশ্ব উঠোনে।’ গানটা যেন বাংলাদেশের মেয়েদের জন্যই লেখা।