ভারমায়েলেনে উদ্ধার বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালাগা ম্যাচে সুয়ারেজের একটি প্রয়াস। ছবি: রয়টার্স
মালাগা ম্যাচে সুয়ারেজের একটি প্রয়াস। ছবি: রয়টার্স

মালাগার বিপক্ষে কাল মাঠে ছিলেন নেইমার। লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ তো ছিলেনই। কিন্তু এই মৌসুমে প্রথমবারের মতো মাঠে থাকা ‘এমএসএন’ ত্রয়ীর আক্রমণের সামনে বুক পেতেই লড়ল মালাগা। গত মৌসুমের পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা, এই আলোচনা যখন তুঙ্গে (গত মৌসুমে ১-০ গোলে বার্সেলোনাকে হারিয়েছিল মালাগা) ঠিক তখনই বার্সেলোনার ত্রাণকর্তা হয়ে হাজির টমাস ভারমায়েলেন। খেলা শেষ হওয়ার ১৮ মিনিট আগে ভারমায়েলেনের গোলে লা লিগায় নিজেদের জয়ের ধারাটা অব্যাহতই রাখতে পেরেছে লুইস এনরিকের বাহিনী।
গত মৌসুমটা যাচ্ছেতাইই গেছে এই ভারমায়েলেনের। বেলজিয়াম জাতীয় দলের এই তারকা গতবার প্রায় পুরোটা মৌসুমই সাইডবেঞ্চে বসে থেকে কাটিয়েছেন চোটগ্রস্ত ভারমায়েলেন। সেই ভারমায়েলেনই কাল মালাগার বিপক্ষে ‘বীর।’ বীর তো হবেনই। মেসি, সুয়ারেজ, নেইমাররা যা পারলেন না, অবলীলায় সেটাই করে দেখালেন ভারমায়েলেন।
খেলার চতুর্থ মিনিটেই সুয়ারেজের গোলে এগিয়ে যাওয়ার কথা ছিল বার্সেলোনার। কিন্তু তাঁর হেড জালে জড়ানোর আগেই ফাউলের বাঁশি বাজিয়ে দিয়েছিলেন রেফারি।
গত মৌসুমে বার্সেলোনাকে হারানোর স্বাদ নিয়েছিল মালাগা। কালও বার্সার বিপক্ষে এগিয়ে যেতে পারতো তারা। হুয়ান কার্লোস প্রায় ৬০ গজ দূর থেকে যে শটটি নেন, তা বার্সেলোনার ক্রসবারে হাওয়া লাগিয়ে বাইরে চলে যায়। এর ঠিক পরের মুহূর্তেই বার্সেলোনার হাভিয়ের মাচেরানোর হেড মালাগার ক্রসবার কাঁপিয়ে প্রতিহত হয়।
গোল না পাওয়ার হতাশার মধ্যে বার্সেলোনা সমর্থকদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছিলেন রেফারি। একবার মিগুয়েল তোরেস নিজেদের বক্সে বলে হাত লাগান। পরের বার মারকোস অ্যানগেলেরি ডি-বক্সের মধ্যে ফেলে দেন লুইস সুয়ারেজকে। এর পরের মুহূর্তে লিওনেল মেসির একটি জোরালো শট ঠেকিয়ে দেন মালাগা গোলরক্ষক কামেনি। তিনি মেসিকে আরও দুবার গোল থেকে বঞ্চিত করেন দুর্দান্ত দুটি সেভে। ৭২ মিনিটে ভারমায়েলেন বার্সাকে উপহার দেন হাঁপ ছেড়ে বাঁচার গোলটি। সুয়ারেজের ক্রস থেকে পোস্টের খুব কাছ থেকে মালাগার জালে বলটি পাঠান ভারমায়েলেন। সূত্র: এএফপি।