
স্কোরলাইনটা প্রথম দেখায় বিশ্বাস করা মুশকিল। মেক্সিকোর জালে চিলি আসলেই ৭ গোল দিয়েছে? ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা স্টেডিয়াম এমন অবিশ্বাস্য একটা ঘটনারই সাক্ষী হলো কাল। ৭ গোলের মধ্যে এদুয়ার্দো ভার্গাস একাই দিয়েছেন ৪ গোল!
অথচ একটা সপ্তাহ কী উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিয়ে গেছেন ভার্গাস। গত সপ্তাহেই খবর পান, মায়ের হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। টুর্নামেন্টের মাঝে তো আর দেশে ফিরতে পারেন না। ফিরে যানওনি। ভার্গাস তাঁর খেলা দিয়েই মাকে দিতে চেয়েছেন একটু মানসিক শান্তি। হফেনহেইমের এই চিলিয়ান স্ট্রাইকার দুর্দান্ত এই রাতটিকে তাই উৎসর্গ করেছেন তাঁর মাকে, ‘আমি আমার পারফরম্যান্সে খুবই খুশি। এটা আমি আমার মা ও পরিবারকে উৎসর্গ করছি।’ এর আগে কোপায় এক ম্যাচে অন্তত ৪ গোল করেছিলেন ১১ জন। আর চিলির হয়ে আগের একমাত্র কীর্তিটি ১৯২৬ সালে ডেভিড আরেলানোর।
এমন বিধ্বংসী জয়টা চিলির কাছেও কম বিস্ময়ের নয়। গতবারের চ্যাম্পিয়নদের এবারের টুর্নামেন্ট শুরু হয় আর্জেন্টিনার কাছে হেরে। এরপর বলিভিয়া ও পানামার সঙ্গে জিতে পা রাখে শেষ আটে। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা মেক্সিকো তাদের সামনে এমন খড়কুটোর মতো উড়ে যাবে সেটা কে ভেবেছিল? সেমিফাইনালে চিলির প্রতিপক্ষ কলম্বিয়া। ভার্গাস এখন একটা বার্তাই যেন দিতে পারছেন প্রতিপক্ষকে, ‘এই টুর্নামেন্টের শুরুটা আমাদের ভালো হয়নি। এখন প্রতিটি ম্যাচের পরই আমরা আরও ভালো খেলছি।’
কাল যে চিলির খেলাটা অত ভালো হবে, নির্দিষ্ট করে বললে, মেক্সিকোর জন্য এমন দুঃস্বপ্নের, সেটি কিন্তু প্রথমার্ধ শেষেও কল্পনা করা যায়নি! ১৬ মিনিটে ক্রিস্টিয়ান ফুচ গোল করেন, ঠিক বিরতির আগের মিনিটে ব্যবধান বাড়ান ভার্গাস। আর বিরতির পর ৪৯ থেকে ৫৮—এই ৯ মিনিটেই আসে ৩ গোল। এতে হ্যাটট্রিক করে ফেলেন ভার্গাস, সানচেজ করেন ১ গোল। ৭৪ মিনিটে ভার্গাস পান চতুর্থ গোল, ৮৮ মিনিটে দলের সপ্তম গোল করে মেক্সিকোকে লজ্জা দেন ফুচ।
এমন দুঃস্বপ্নের ঘোর কাটতে মেক্সিকোর অনেক দিন লাগবে। মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে, ‘আমি মেক্সিকোর সব সমর্থকের কাছে ক্ষমা চাইছি। আজ যা দেখেছি সেটা একটা লজ্জা, ফুটবলের একটা দুর্ঘটনা।’ বড় আসরে এটাই মেক্সিকোর সবচেয়ে বড় হার। সব মিলিয়ে মেক্সিকো অবশ্য এক ম্যাচে এর চেয়ে বেশি গোল খেয়েছে একবারই—১৯৬১ সালে ইংল্যান্ডের কাছে হেরেছিল ৮-০ গোলে। এএফপি, রয়টার্স।
কোপা আমেরিকা ২০১৬ ফিকশ্চার
সেমিফাইনাল
২২ জুন
যুক্তরাষ্ট্র–আর্জেন্টিনা
সকাল ৭টা
সেমিফাইনাল
২৩ জুন
কলম্বিয়া–চিলি
সকাল ৬টা
২৭ জুন
ফাইনাল
সকাল ৬টা
তৃতীয় স্থান নির্ধারণী: ২৬ জুন, সকাল ৬টা