ভার্ডি আর লেস্টারের রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্‌যাপন করছেন লেস্টার সিটির ভার্ডি—এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে পরিচিত দৃশ্য l এএফপি
উদ্‌যাপন করছেন লেস্টার সিটির ভার্ডি—এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে পরিচিত দৃশ্য l এএফপি

মাঝেমধ্যেই হয়তো চিমটি কেটে দেখেন নিজের শরীরে। বিশ্বাস হতে চায় না, যা ঘটছে তা সত্যি? ১৫ বছর বয়সে উচ্চতায় খাটো বলে শেফিল্ড ওয়েনেসডে থেকে অপমানিত হয়ে ফিরতে হয়েছিল। শেফিল্ডের একটা কারখানাতেই একসময় কাজ করতে হয়েছে জীবিকার তাগিদে। এখন সেই জেমি ভার্ডি ছুঁয়ে ফেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে টানা গোলের রেকর্ড। বাস্তব এখানে গল্পের চেয়েও বিস্ময়কর!
অথচ পরশু চোটের কারণে মাঠে নামাটাই অনিশ্চিত ছিল। নিউক্যাসলের সঙ্গে ৪৫ মিনিটেই সেই মুহূর্তটা চলে আসে, টানা ১০ ম্যাচে উদ্যাপনের সুযোগ পেয়ে যান। ম্যানচেস্টার ইউনাইটেডের রুড ফন নিস্টলরয়ের চেয়ে ভার্ডির কীর্তিটা একদিক দিয়ে আরও বড়। নিস্টলরয় টানা ১০ ম্যাচে গোল করেছিলেন দুই মৌসুম মিলে। ২০০২-০৩ মৌসুমের শেষ আট ম্যাচে গোল করার পর ২০০৩-০৪ সালের প্রথম দুই ম্যাচেও গোল পেয়েছিলেন। ভার্ডি এক মৌসুমেই গোল পেলেন টানা ১০ ম্যাচেই।
নিস্টলরয়ও সম্ভবত অপেক্ষা করছিলেন মুহূর্তটির জন্য। ভার্ডি পরে জানিয়েছেন, ম্যাচ শেষে খুদে বার্তা পেয়েছেন সাবেক ডাচ স্ট্রাইকারের কাছ থেকে। আগেও নিস্টলরয় জানিয়েছিলেন, ভার্ডির রেকর্ড গড়ার জন্য অপেক্ষা করছেন। তবে সেটি সত্যি সত্যি ভেঙে গেলে মন থেকে অন্তত খুশি হতে পারবেন না। পরের সপ্তাহে লেস্টার সিটি যে নিস্টলরয়েরই সাবেক ক্লাব ইউনাইটেডের সঙ্গে খেলবে!
অথচ চার মৌসুম আগেই পঞ্চম বিভাগের ক্লাব ফ্লিটউডে নাম লেখানোর পর অনেকেই প্রশ্ন তুলছিল, ‘এই ভার্ডিটা আবার কে?’ তখনই বয়স ২৪। এই বয়সে আর কতদূরই বা যাওয়া সম্ভব? কিন্তু কিছু ফুল যেমন দেরিতে সৌরভ ছড়ায়, ভার্ডিও সে রকম। অষ্টম বিভাগ থেকে পঞ্চম বিভাগ, এক মৌসুম পরেই নাম লেখানো লেস্টারের হয়ে দ্বিতীয় বিভাগে। আর এখন ইংলান্ডের তো বটেই, ইউরোপেরই সবচেয়ে কাঙ্ক্ষিত স্ট্রাইকারদের একজন। ১৩ গোল নিয়ে এরই মধ্যে ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতা, কাছাকাছি থাকা রোমেলু লুকাকুর গোল ৯টি!
ভার্ডির সঙ্গে লেস্টার সিটির রূপকথাও তো চলছে। গত মৌসুমে যে দলটা অবনমন বাঁচাতে লড়ছিল, তারাই এখন লিগে সবার ওপরে! পরশু নিউক্যাসলকে ৩-০ গোলে হারিয়ে লেস্টারের পয়েন্ট এখন ২৮। ভার্ডি আত্মবিশ্বাসী, লেস্টার এই ফর্মটা ধরে রাখতে পারবে, ‘আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। সহজে আর হাল ছেড়ে দিচ্ছি না।’ এএফপি।
পয়েন্ট তালিকা
        ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
লেস্টার সিটি ১৩ ৮ ৪ ১ ২৮/২০ ২৮
ম্যান ইউনাইটেড ১৩ ৮ ৩ ২ ১৯/৯ ২৭
ম্যান সিটি ১৩ ৮ ২ ৩ ২৭/১৩ ২৬
আর্সেনাল ১৩ ৮ ২ ৩ ২৩/১১ ২৬
টটেনহাম ১৩ ৬ ৬ ১ ২৪/১১ ২৪