ভার্ডি ফিরলেন, লেস্টারও ফিরছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই প্রথম প্রিমিয়ার লিগে ম্যাচ বল পেলেন ভার্ডি। পরশু হ্যাটট্রিক করেছেন লেস্টার সিটি স্ট্রাইকার l রয়টার্স
এই প্রথম প্রিমিয়ার লিগে ম্যাচ বল পেলেন ভার্ডি। পরশু হ্যাটট্রিক করেছেন লেস্টার সিটি স্ট্রাইকার l রয়টার্স

সেই যে সেপ্টেম্বরে লিভারপুলের বিপক্ষে গোল করেছিলেন, এর পর থেকে গোল ব্যাপারটাই যেন ভুলে গিয়েছিলেন জেমি ভার্ডি। একের পর এক ম্যাচ যায়, মাস যায়...লিগে লেস্টার সিটি স্ট্রাইকারের আর গোলের দেখা মেলে না।
অবশেষে পরশু কাটল ভার্ডির তিন মাস আর দশ ম্যাচের গোলখরা! সেটিও কীভাবে, ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিক করে! ইংলিশ স্ট্রাইকারের হ্যাটট্রিকেই পরশু ঘরের মাঠে পেপ গার্দিওলার দলকে ৪-২ গোলে হারিয়েছে লেস্টার সিটি।
কে বলে লেস্টারের চমকের আর কিছু বাকি নেই! গত মৌসুমে রূপকথা লিখে লিগ শিরোপা জেতা ক্লদিও রানিয়েরির দল এবার যেন রোমাঞ্চটা হারিয়ে ফেলেছে। পরশুর ম্যাচের আগেও লেস্টার ছিল অবনমন অঞ্চলের মাত্র দুই ধাপ ওপরে।
কিন্তু চমক যে এখনো কিছুটা বাকি, সেটি দেখাতেই জ্বলে উঠলেন ভার্ডি-মাহরেজরা। পরশু কিং পাওয়ার স্টেডিয়ামে ফিরিয়ে আনলেন গত মৌসুমের লেস্টারকে, রানিয়েরির ভাষায় ‘সত্যিকারের লেস্টার’! মাহরেজ ম্যাচজুড়ে খেলেছেন দুর্দান্ত, আর ভার্ডি করেছেন গোল। তৃতীয় মিনিটে ইংলিশ স্ট্রাইকারকে দিয়েই গোল উৎসবের শুরু, পাঁচ মিনিটেই সেটিকে লেস্টারের পক্ষে ২-০ করে দেন অ্যান্ডি কিং। ১৫ মিনিট পর আবার ভার্ডির গোল। লেস্টার স্ট্রাইকার হ্যাটট্রিক পূর্ণ করেন ৭৮ মিনিটে। সিটির হয়ে ব্যবধান কমিয়েছেন আলেক্সান্ডার কোলারভ ও নোলিতো।

লেস্টার যখন পুরোনো ছন্দে ফেরার স্বপ্ন দেখছে, সিটি খুঁজছে ফর্মে ফেরার রাস্তা। মৌসুমের শুরুতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জেতা সিটি সর্বশেষ ১৫ ম্যাচে জিতেছে মাত্র চারবার! যেটির কারণ হিসেবে বলা হচ্ছে, প্রয়োজনীয় ট্যাকল না করে সিটি ফুটবলারদের রক্ষণ থেকে ‘বিল্ডআপ’ করার অতিপ্রবণতাকে। যদিও গার্দিওলা সেটি মানতে রাজিই নন। নিজের দর্শনেই সমাধান খুঁজছেন সিটি কোচ, ‘আমি ট্যাকল শেখানোর কোচ নই। আমি চাই ভালো ফুটবল খেলাতে, গোল করাতে। ট্যাকল আবার কী?’ এএফপি।