ভার্ডি-ভক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের বড় আবিষ্কার কী? একটা উত্তর হতে পারে জেমি ভার্ডি। গত বছর পর্যন্তও আড়ালে থাকা ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারই ১৯ গোল নিয়ে লিগের শীর্ষ গোলদাতা। দেশ ও দেশের বাইরে এখন হাজার হাজার ভক্ত তাঁর। তবে সবচেয়ে বড় ভক্তটির নাম সম্ভবত অ্যাশলি ম্যারিয়ট! আগামী জুনে কন্যাসন্তানের বাবা হবেন অ্যাশলি। সেই মেয়ের নাম রাখতে চান ভার্ডির নামে। ছেলের নামে কন্যার নাম! অ্যাশলির স্ত্রী একটা শর্ত দিয়েছেন স্বামীকে—লেস্টার সিটির পাঁচ হাজার ভক্তের সই জোগাড় করতে পারলেই মেয়ের নাম ভার্ডি রাখা যাবে। সই সংগ্রহের অভিযানে এরই মধ্যে নেমে পড়েছেন অ্যাশলি। সংগ্রহ করেছেন ১২০ জন ভক্তের সই। কাজটা নিশ্চয় কঠিন। কিন্তু পাঁচ হাজার কেন অ্যাশলির বিশ্বাস, ১০ হাজারেরও বেশি সই তিনি সংগ্রহ করতে পারবেন। তাঁর মেয়ের নাম যে ভার্ডি রাখা চাই-ই চাই! ইএসপিএন।