ভার্ডির লাল কার্ড, পয়েন্ট হারাল লেস্টার

দুই দলের দুটি পেনাল্টি, এক লাল কার্ড—রেফারির বাঁশিই তো ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। তাতে নিজেদের একটু দুর্ভাগাই ভাবতে পারে লেস্টার সিটি। প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটিকে যে ২-২ গোলে ড্র করতে হলো ওয়েস্ট হামের সঙ্গে।
ঘরের মাঠে শুরুটা বেশ ভালোই করেছিল ক্লদিও রানিয়েরির দল। ১৮ মিনিটে দুর্দান্ত প্রতি আক্রমণে জেমি ভার্ডির গোলে এগিয়ে যায়। লেস্টার প্রথমার্ধ শেষও করেছিল এই এক গোলে এগিয়ে থেকে। প্রিমিয়ার লিগে এর আগে সাত ম্যাচের পাঁচটিতে ১-০ ব্যবধানের জয়। প্রথমার্ধ শেষে হয়তো আরেকটি জয়ই ধরে নিয়েছিল লেস্টার।
কিন্তু সব ধারণা, অনুমান পাল্টে গেল দ্বিতীয়ার্ধে। বলতে গেলে রেফারির সিদ্ধান্তেই গেল পাল্টে। ৫৬ মিনিটে প্রথম ধাক্কাটা লাগে লেস্টারের গায়ে। ওয়েস্ট হাম বক্সে বল নিয়ে ঢুকে পড়েছিলেন ভার্ডি, কিন্তু দৌড়াতে থাকা অবস্থাতেই এক ডিফেন্ডারের সঙ্গে ধাক্কাধাক্কি চলছিল...রেফারির বাঁশি! নাহ্, পেনাল্টি নয়, ‘ডাইভিং’য়ের অভিযোগে হলুদ কার্ড দেখলেন ভার্ডি। প্রথমার্ধেও আরও একটি হলুদ কার্ড দেখেছিলেন লেস্টার স্ট্রাইকার, ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো তাঁকে। ডেভিড লোয়ের পর লেস্টারের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই ম্যাচে গোল করার পর লাল কার্ড দেখলেন ভার্ডি।
একটু পর আরও একবার রেফারির সিদ্ধান্তের ধাক্কা লাগল লেস্টারের গায়ে। ৮৫ মিনিটে কিছুটা বিতর্কিতভাবে পেনাল্টি দিলেন ওয়েস্ট হামের পক্ষে, যেটি থেকে গোল করে ম্যাচে সমতা আনলেন অ্যান্ডি ক্যারল। এই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ২ মিনিট পরও আবারও গোল! এবার অবশ্য রেফারির কোনো সিদ্ধান্ত নয়, বিশুদ্ধ ফুটবলীয় সৌন্দর্য। বক্সের বাইরে থেকে ওয়েস্ট হাম লেফট ব্যাক অ্যারন ক্রেসওয়েলের দুর্দান্ত শট জড়িয়ে গেল লেস্টারের জালে।
এতক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল, রেফারিই হারিয়ে দিচ্ছেন লেস্টারকে। কিন্তু উল্টো দিকটাও দেখল লেস্টার। অনেকটা রেফারির বদান্যতায় ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পেল লেস্টার, গোল করে লেস্টারকে ১ পয়েন্ট এনে দিলেন বদলি হিসেবে নামা স্ট্রাইকার লিওনার্দো উয়োয়া।
তবে এই ১ পয়েন্ট নিয়েও কী সন্তুষ্ট হতে পারছে লেস্টার? লিগে রানিয়েরির দলের আর ম্যাচ বাকি আছে ৪টি, ১ ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা টটেনহামের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে লেস্টার। অবিশ্বাস্য অর্জনের এত কাছে এসেও শেষ দিকে স্বপ্নভঙ্গের বেদনায় কি পুড়তে হবে লেস্টারকে? তেমন কিছু হলে হয়তো রেফারিকেই দুষবেন লেস্টার সমর্থকেরা।