ভার্ডির সামনে ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমি ভার্ডি
জেমি ভার্ডি

জেমি ভার্ডি আজ মাঠে নামার আগে কি নিস্টলরয়ের ফোন পাবেন? পেতে পারেন, না-ও পারেন। তাঁর টানা ১০ ম্যাচে গোল করার কীর্তিটা ছোঁয়ার পর নিস্টলরয় নিজেই অবশ্য টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন লেস্টার সিটির স্ট্রাইকারকে। কিন্তু আজ নিস্টলরয় ফোন করলে তাতে কতটা হৃদয়ের ছোঁয়া থাকবে কে জানে! ভার্ডি যে আজ সাবেক ডাচ স্ট্রাইকারের পুরোনো ক্লাব ম্যানচেস্টারের ইউনাইটেডের বিপক্ষেই নামবেন!
ইংলিশ প্রিমিয়ার লিগে কেউ যেটা করতে পারেনি, আজ সেই কীর্তিই হাতছানি দিচ্ছে ভার্ডিকে। টানা ১০ ম্যাচে গোল করেছেন লেস্টার সিটি স্ট্রাইকার, আজ গোল করলে নিস্টলরয়ের রেকর্ড ভেঙে দেবেন। যদিও শেফিল্ড ইউনাইটেডের দাবিটা মানলে ভার্ডির নতুন রেকর্ডে একটু ভেজাল থেকে যাবে। ১৯৩১-৩২ মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের জিমি ডান যে গোল করেছিলেন টানা ১২ ম্যাচে।
ডানের রেকর্ডটি ব্রিটিশ প্রচারমাধ্যমই ভুলে গিয়েছিল। আদতে রেকর্ডটা ধরা হয়েছিল স্ট্যান মর্টেনসেনের, ১৯৫০-৫১ মৌসুমে টানা ১১ ম্যাচে গোল করেছিলেন ব্ল্যাকপুলের স্ট্রাইকার। কিন্তু শেফিল্ড ইতিহাস খুঁড়ে বের করে আনল, তাদেরই এক স্ট্রাইকারের এর চেয়েও বেশি টানা ম্যাচে গোলের কীর্তি। ২৪ অক্টোবর, ১৯৩১ থেকে শুরু, এরপর ১ জানুয়ারি, ১৯৩২ সাল পর্যন্ত টানা ১২ ম্যাচে গোল করেছিলেন আয়ারল্যান্ডের ডান। ইংলিশ লিগে আইরিশদের মধ্যে তাঁর চেয়ে বেশি গোলও কারও নেই।
তবে এটা ঠিক, ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর রেকর্ডটা আপাতত নিস্টলরয়ের সঙ্গে ভার্ডিরই। আজ এই রেকর্ডটাকে নিজের করে নেওয়ার কাজটা অবশ্য সহজ হবে না। এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জালেই যে সবচেয়ে কম গোল (৯) জালে ঢুকেছে। তবে ভার্ডির আরেকটা প্রেরণা হতে পারে, জয় দিয়ে লেস্টারকে শীর্ষস্থানে ধরে রাখা। জিতলে লেস্টারকে টপকে শীর্ষে উঠে যাবে ইউনাইটেডও। দল গোল পাচ্ছে না, সমালোচকেরা ‘একঘেয়ে’ ফুটবলের সমালোচনায় মুখর। লুই ফন গালের জন্য আজ জয়টা খুব করেই দরকার। এএফপি।