ভার্ডির 'অবিশ্বাস্য' গোলে প্রতিপক্ষেরও হাততালি

জেমি ভার্ডির গোলটা কি এই মৌসুমের সেরা গোল হবে? লেস্টার সিটি স্ট্রাইকার কাল অবিশ্বাস্য যে গোলটি করেছেন, তাতে প্রশ্নটা উঠে যাচ্ছে। দলের কোচ ক্লদিও রানিয়েরি গোলটিকে বলেছেন ‘অবিশ্বাস্য’, এমনকি প্রতিপক্ষ লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপও বলছিলেন, ওই সময় তাঁরও নাকি ইচ্ছে করছিল হাততালি দিতে। গোলটিকে অন্তত মাসের সেরা গোলের স্বীকৃতিও দিয়ে দিয়েছেন ক্লপ।
গতকাল লেস্টারের মাঠে ম্যাচের ৬০ মিনিটের সময়ের এই গোলটি নিয়েই এত আলোচনা। অবশ্য আলোচনা হবেই বা না কেন! নিজেদের বক্সের প্রান্ত থেকে রিয়াদ মাহরেজের ৬০ গজি লম্বা পাস পেয়েছিলেন ভার্ডি। এরপর প্রথম চেষ্টাতেই প্রায় ২৫ গজ দূর থেকে যে দুর্দান্ত হাফ-ভলি করলেন, গোললাইন থেকে একটু সামনে দাঁড়ানো লিভারপুল গোলকিপার সিমোন মিনিওলেতের পক্ষে সেটি ধরা সম্ভবই ছিল না। শুধু সম্ভব ছিল দর্শক হয়ে তাকিয়ে দেখা।
পরে আরেকটি গোল করেছেন। ভার্ডির জোড়া গোলে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে লেস্টার। পয়েন্ট তালিকার শীর্ষে তো আগেই ছিল, এখন দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধানটাও বাড়িয়ে নিয়েছে ৩ পয়েন্টে। লিগে পরের ম্যাচে মুখোমুখি হবে দুই দল, যেটি বড় প্রভাব রাখতে পারে এবারের শিরোপা নির্ধারণে।

অবশ্য পয়েন্ট ব্যবধানটা ৫ বা ৬-ও হয়ে যেতে পারত। হয়নি, এর জন্য সিটি ধন্যবাদ দেবে সার্জিও আগুয়েরোকে। আর্জেন্টাইন স্ট্রাইকারের সুযোগসন্ধানী গোলেই যে সান্ডারল্যান্ডের মাঠ থেকে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে ফিরেছে সিটি।
লেস্টার-সিটির জয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেলে আর্সেনালের। ঘরের মাঠে কাল গোলশূন্য ড্র করেছে সাউদাম্পটনের সঙ্গে। মাত্র কদিন আগেও লেস্টারের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনাল গত চার ম্যাচে মাত্র তিন পয়েন্ট তুলতে পেরে নেমে গেছে চারে। লেস্টারের সঙ্গে ব্যবধানটা এখন ৫ পয়েন্ট! লিগে গত তিন ম্যাচেই কোনো গোল করতে পারেনি আর্সেনাল।
এই গোল পাওয়া-না পাওয়া নিয়ে দুশ্চিন্তাটা কয়েক দিন আগেও ছিল লুই ফন গালের। ম্যানচেস্টার ইউনাইটেড ‘ঘুমপাড়ানি’ ফুটবল খেলছে, দলে আক্রমণ বলতে কিচ্ছু নেই—কত সমালোচনা! গত দুই ম্যাচে সেটি মুছে যাওয়ার উপক্রম। তিন দিন আগে এফএ কাপে ডার্বির জালে তিনবার বল জড়িয়েছিলেন রুনিরা, কাল লিগেও একই। স্টোক সিটিকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে ইউনাইটেড।
ইউনাইটেডের এভাবে স্বরূপে ফিরে আসার মূল কারণ ওয়েইন রুনির নিজেকে ফিরে পাওয়া। ২০১৬ সালে সাত ম্যাচের মাত্র একটিতে গোল পাননি। বাকি ছয় ম্যাচে করেছেন সাত গোল। কাল ম্যাচেও দলের তৃতীয় গোলটি করলেন। কাল অবশ্য আগেই ইউনাইটেডের জয় নিশ্চিত করে ফেলেছিলেন দুই তরুণ জেসি লিনগার্ড ও অ্যান্থনি মার্শিয়াল। এর মধ্যে মার্শিয়ালের গোলটিকে চাইলে ‘নতুন’ ইউনাইটেডের প্রতীক ধরে নিতে পারেন। দুর্দান্ত প্রতি আক্রমণে মাত্র ৯-১০ পাসে নিজেদের বক্স থেকে বল নিয়ে স্টোকের বক্সে চলে এল ইউনাইটেড। মাতার পাস থেকে বক্সের বাঁ প্রান্তে বল পেয়ে মার্শিয়ালের দুর্দান্ত বাঁকানো শট—কে বলে ইউনাইটেড বিরক্তিকর?

ইউনাইটেডের মতো কাল একই ব্যবধানে জিতেছে টটেনহাম হটস্পারও। নরউইচের বিপক্ষে দলের হয়ে প্রথম গোলটি করেছেন নতুন ইংলিশ বিস্ময় ডেলে আলি, পরের দুটি গত দুই মৌসুমের বিস্ময় হ্যারি কেনের। এই জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসে স্পাররা আরেকবার জানিয়ে দিল চ্যাম্পিয়নস লিগে ফেরার আকাঙ্ক্ষার কথা। তথ্যসূত্র: ইএসপিএন।