ভার্ডি-চমকে শীর্ষে লেস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোড়া গোলে লিভারপুলের বিপক্ষে লেস্টারের জয়ের নায়ক ভার্ডি  l মেইল অনলাইন
জোড়া গোলে লিভারপুলের বিপক্ষে লেস্টারের জয়ের নায়ক ভার্ডি l মেইল অনলাইন

লিভারপুল ডিফেন্ডার দেজান লভরেন কিছু বুঝে উঠতে পারেননি। গোলরক্ষক সিমোন মিনিওলেতও ঠাওর করতে পারেননি সময়মতো। কিং পাওয়ার স্টেডিয়ামের দর্শকদেরও কি বুঝতে একটু সময় লাগেনি? আসলে জেমি ভার্ডি ছাড়া আর কেউই বোধ হয় প্রথম দুই-এক সেকেন্ডে বুঝে উঠতে পারেননি হঠাৎ করে গোলটা কীভাবে হলো!
ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু এমনই বিস্ময়কর গোল করেছেন লেস্টার সিটি স্ট্রাইকার। ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে ম্যাচে ৬০ মিনিটের সময় রিয়াদ মাহরেজের লম্বা পাসে বল পান ভার্ডি, লিভারপুল গোলপোস্ট তখনো ৩০ গজ দূরে। বল মাটিতে পড়ে উঠতে না-উঠতেই সেখান থেকেই ভার্ডির হাফভলি, সুতো কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বলটা জড়িয়ে গেল লিভারপুলের জালে!
এমন গোল অনেক দেখা যায়। তবে কোনো দলেরই তেমন পরিষ্কার সুযোগ নেই এমন ম্যাচে ভার্ডির আচমকা শটের দুর্দান্ত গোলটিই এখন আলোচনায়। পরে আরেকটি গোল করেছেন ২৯ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার, লেস্টারও লিভারপুলের বিপক্ষে জিতেছে ২-০ গোলে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে লিগ শীর্ষেও আছে তারা। তবে ঘুরেফিরে আলোচনায় আসছে ভার্ডির প্রথম গোলটিই।
গোলের পর ক্লদিও রানিয়েরির অভিব্যক্তিই সবকিছু বলে দিচ্ছিল। ম্যাচের পর সেটিকে ব্যাখ্যা করতে গিয়ে লেস্টার কোচ একটা শব্দই উচ্চারণ করলেন, ‘অবিশ্বাস্য’! দলের কোচ হিসেবে তিনি তো প্রশংসা করবেনই। কিন্তু ভার্ডির গোলটি প্রশংসা পাচ্ছে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের কাছ থেকেও, গোলটি লিভারপুল কোচের চোখে ‘মাসের সেরা’, ‘ওই সময়ে আমি প্রায় হাততালিই দিয়ে ফেলেছিলাম। ভীষণ খারাপও লাগছিল।’
ক্লপ মাসের সেরা বললেও এরই মধ্যে ইংলিশ সংবাদমাধ্যমগুলো ভার্ডির গোলটিকে মৌসুমের সেরা গোলের তালিকায় রাখছে। সেরা গোল হলে তখন হয়তো অনেক প্রশস্তিগাথা রচিত হবে, তার আগে সহজ ভাষায় গোলের আগের ভাবনার কথা জানালেন লেস্টার স্ট্রাইকার, ‘ম্যাচের শুরু থেকেই দেখছিলাম মিনিওলেত গোললাইনের বাইরে। তাই সুযোগটা নিলাম। মনে হয় না ক্যারিয়ারে এর চেয়ে ভালো গোল করেছি।’
ভার্ডির গোল পরশু সবটুকু আলো কেড়ে নিয়েছে, না হলে অ্যান্থনি মার্শিয়ালের করা ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় গোলটিও আলোচনায় আসার মতো। হ্যাঁ, সেই ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের খেলা দুই সপ্তাহ আগেও অনেকের কাছে ছিল ‘ঘুমপাড়ানি’। পরশু ঘরের মাঠে অসাধারণ খেলে ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। জেসি লিনগার্ড ও ওয়েইন রুনি বাকি ২ গোল করেছেন, তবে নজর কেড়েছে দুর্দান্ত প্রতি-আক্রমণ থেকে বাঁকানো শটে করা মার্শিয়ালের গোলটিই।
অন্য ম্যাচে সার্জিও আগুয়েরোর গোলে ম্যানচেস্টার সিটি ১-০-তে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। আর সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করে তালিকার চারে নেমে গেছে আর্সেনাল। এএফপি।

ইংলিশ লিগের সেরা পাঁচ
            ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
লেস্টার সিটি ২৪ ১৪ ৮ ২ ৪৪/২৬ ৫০
ম্যান সিটি ২৪ ১৪ ৫ ৫ ৪৬/২৩ ৪৭
টটেনহাম ২৪ ১২ ৯ ৩ ৪৪/১৯ ৪৫
আর্সেনাল ২৪ ১৩ ৬ ৫ ৩৭/২২ ৪৫
ম্যান ইউনাইটেড ২৪ ১১ ৭ ৬ ৩১/২১ ৪০