ভালকে নিষিদ্ধ এক যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে আগেই সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন ফিফার সাবেক মহাসচিব জেরোম ভালকে। এবার তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় পরশু তাঁকে ১২ বছরের জন্য ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফার নৈতিকতা কমিটি।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের টিকিট বিক্রিতে দুর্নীতি এবং সেখান মুনাফা বানানোর অভিযোগে গত বছর তাঁকে সাময়িক নিষিদ্ধ করে ফিফার নৈতিকতা কমিটি। ফিফার বিধি ভঙ্গের অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর ভালকেকে বাধ্যতামূলক ছুটিতেও পাঠানো হয়। নৈতিকতা কমিটির তদন্ত বিভাগ অবশ্য প্রাথমিক তদন্তের পরই ভালকেকে ৯ বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। তবে অপরাধের মাত্রা বিবেচনা করে শেষ পর্যন্ত শাস্তিটা বেড়ে হলো ১২ বছরের নিষেধাজ্ঞা। ৫৫ বছর বয়সী সাবেক ফিফা কর্মকর্তাকে এক লাখ সুইস ফ্রাঁ জরিমানাও দিতে হবে।
ফিফা পরশু একটি বিবৃতিতে জানিয়েছে, ‘একটি ক্রীড়া বিপণন সংস্থা বিশ্বকাপের টিকিট বিক্রি থেকে অনৈতিকভাবে লাভবান হয়েছিল, যে কাজে ভালকে তাদের সাহায্য করেছিলেন।’ ১০ বছর ফিফা প্রশাসনে যুক্ত থাকা অবস্থায় ভালকে আরও অনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সেসবের প্রমাণ লোপাট করেছেন বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে। ভালকে অবশ্য যথারীতি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার ও উয়েফাপ্রধান মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। এএফপি।