ভালদেসের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর বিদায়ে ন্যু ক্যাম্পে কেউ পোস্টার নিয়ে আসেনি। ‘ভালদেস, ভালদেস’ চিৎকারে মুখর হয়ে ওঠেনি গ্যালারি। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে যখন মাঠ ছাড়ছিলেন, তখন কি ভেবেছিলেন এটাই হয়ে থাকবে বার্সেলোনার জার্সি গায়ে শেষ ম্যাচ? ভিক্টর ভালদেসের সেটার জন্য আক্ষেপ আছে, কিন্তু দায়টা ক্লাবকে দিচ্ছেন না। বরং এমনভাবে বিদায় নেওয়ার জন্য স্প্যানিশ গোলরক্ষক নিজেকেই দাঁড় করাচ্ছেন আসামির কাঠগড়ায়।
গত বছরের মার্চে সেল্টা ভিগোর সঙ্গে ম্যাচে লিগামেন্টের চোটে মাঠ ছেড়েছিলেন। ওটাই হয়ে গেল বার্সেলোনার হয়ে ভালদেসের শেষ ম্যাচ। একটা বিদায়ী ম্যাচ হয়তো চেয়েছিলেন, কিন্তু কথাটা মুখ ফুটে বলতে না পারার জন্য আফসোস করছেন এখন, ‘যেভাবে চেয়েছিলাম, সেভাবে বার্সেলোনা থেকে বিদায় নিতে পারিনি। জার্মানিতে তখন আমার চিকিৎসা চলছিল, সেটা একটা কারণ। কিন্তু তার জন্য অংশত আমি নিজেও দায়ী। আমি নিজেই আসলে তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। মানুষ হয়তো আমার কাছ থেকে আরও বেশি কিছু আশা করেছিল।’
যে ক্লাবে ১৪ বছর খেলে সবকিছুই জিতেছেন, তাদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় তো নিতেই পারতেন! মার্কা, গার্ডিয়ান।