ভালদেসের উত্তরসূরি কে?

হাতের লক্ষ্মী কেউ কি পায়ে ঠেলে? ক্লদিও ব্রাভো এখন নিশ্চয়ই মনে মনে নিজেকে অভিশাপ দিচ্ছেন! বার্সেলোনার এক নম্বর গোলরক্ষক হিসেবে নিজের দাবিটা উচ্চকণ্ঠে তুলে ধরার একটা সুযোগ পেয়েছিলেন। কিন্তু নাপোলির সঙ্গে শেষ মুহূর্তে এমন একটা হাস্যকর ভুল করলেন, ব্রাভোকে নিয়ে নতুন করে ভাবতে পারেন বার্সেলোনার নতুন কোচ লুইস এনরিকে।
অনেক দিন ধরেই বার্সার গোলপোস্টের ভরসা হয়ে ছিলেন ভিক্টর ভালদেস। ৩২ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক এই মৌসুমেই ন্যু ক্যাম্প ছেড়েছেন। ভালদেসের শূন্যতা পূরণে বার্সা নিয়ে আসে দুজনকে। বরুসিয়া মনশেনগ্লাডবাখের তরুণ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে নিয়ে এসেছিল গত মৌসুমের শেষেই। বিশ্বকাপের মধ্যেই রিয়াল সোসিয়েদাদের চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভোর সঙ্গে চুক্তিটা সেরে ফেলে। পরশু নাপোলির সঙ্গে ম্যাচে গোলবার আগলেছেন ব্রাভোই। কিন্তু ৩১ বছর বয়সী গোলরক্ষকের ভুলেই প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরে বসল বার্সেলোনা।
ম্যাচের ৮০ মিনিট। দূর থেকে শট নিয়েছিলেন নাপোলির সুইস মিডফিল্ডার ব্লেরিম জেমাইলি। কিন্তু যে শটটা অনায়াসে ঠেকিয়ে দেওয়ার কথা, সেটা ব্রাভোর আলগা হাতে লেগে ঢুকে গেল জালে। আগে অবশ্য দারুণ কয়েকটি সেভও করেছেন। কিন্তু অমন ভুলের পর সেটা আর কে মনে রাখে?
প্রীতি ম্যাচে হার এমন বড় কিছু নয়। ব্রাভো দায় নিচ্ছেন নিজের কাঁধেই, ‘ম্যাচটা উপভোগই করেছি। তবে গোলটা হয়েছে আমার ভুলে, এক মুহূর্তের জন্য মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। আমি খুব একটা অনুশীলনের সুযোগ পাইনি, তবে এটা কোনো অজুহাত নয়।’ খানিকটা আত্মপক্ষ সমর্থনের চেষ্টাও করেছেন, ‘এমন নয় যে এমনটা প্রথমবার হয়েছে। এমন কোনো গোলরক্ষক নেই যে ভুল করে না।’

ব্রাভোর জন্য স্বস্তির কারণ কোচ এনরিকে তাঁর পাশেই দাঁড়িয়েছেন, ‘সে ভালো একটা ম্যাচ খেলছিল, কোনো বাজে ভুলও করেনি। একটা দারুণ সেভ করেছে, বল পায়েও ভালোই করেছে। আমরা এটা নিয়ে আর কথা বাড়াব না। স্ট্রাইকাররা যদি সুযোগগুলো কাজে লাগাত তাহলে এটা নিয়ে তো এত কথাই হতো না।’
এখন এনরিকের প্রথম পছন্দ কে হচ্ছেন সেটা নিয়েও অনিশ্চয়তা তৈরি হলো। ব্রাভো অবশ্য ম্যাচের আগে বলেছিলেন, ‘লুইস এনরিকে আমাদের কিছুই বলেননি। আমরা কিছুই জানি না, আমরা কিছু জানতেও চাইব না। তবে আমরা কোচের জন্য কাজটা কঠিন করতে চাই। সিদ্ধান্তটা তো তাকেই নিতে হবে।’ শেষ পর্যন্ত কি ব্রাভো কোচের কাজটা সহজ করে দিলেন? গোলডটকম।