ভালভার্দেকে ঘিরে মেসিদের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের অন্য সবাই বার্সেলোনায় প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন। অথচ লিওনেল মেসি, নেইমার, জেরার্ড পিকে ও আরদা তুরানকে গতকাল পর্যন্ত ঘুরতে হয়েছে জাপানে, রাকুটেনের সদর দপ্তরে। ফুটবলের ব্যবসায়িক দিকটাও তো দেখতে হয়! এই মৌসুম থেকেই বার্সেলোনার জার্সির নতুন স্পনসর হচ্ছে জাপানি ই-কমার্স কোম্পানি রাকুটেন। সেটির ‘শুভযাত্রা’ উপলক্ষেই মেসি-নেইমারদের জাপানে আসা।

মেসিরা এসেছেন, সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। নতুন স্পনসরশিপের পাশাপাশি এই মৌসুমে বার্সার নতুন আরেক যাত্রা নিয়েই কথা হলো বেশি। নতুন কোচ আর্নেস্তো ভালভার্দের অধীনে যে গত মৌসুমের ব্যর্থতা ঝেড়ে নতুন শুরু করতে চান মেসিরা।

ভালভার্দেকে কোচ করে নিয়ে আসাকেই এখন পর্যন্ত ধরা হচ্ছে এই মৌসুমে বার্সেলোনার সেরা দলবদল। ইয়োহান ক্রুইফের স্বপ্নের বার্সায় দুই বছর খেলেছেন। অ্যাথলেটিক বিলবাও, ভ্যালেন্সিয়া, ভিয়ারিয়ালের মতো দলের কোচ ছিলেন। নিজের ধীরস্থির, কিন্তু মিশুক মনোভাবের কারণে ভালভার্দে বার্সায় সহজে মানিয়ে নিতে পারবেন বলেও মনে করছেন অনেকে। বার্সার নতুন কোচ একটা স্বস্তি পেতে পারেন। কাজ শুরুর আগেই দলের বড় তারকাদেরও অকুণ্ঠ সমর্থন পাচ্ছেন তিনি।

‘নতুন কোচের সঙ্গে দেখা করা, তাঁর সঙ্গে কাজ শুরু করা ও নিজের সর্বোচ্চটা দিতে আমার তর সইছে না। ভালভার্দে এরই মধ্যে দেখিয়েছেন তিনি কতটা ভালো কোচ। তাঁর কাজের পদ্ধতি সম্পর্কে এখনো পুরোপুরি জানি না, তবে ভ্যালেন্সিয়া ও অ্যাথলেটিকে (বিলবাও) তিনি অনেক দুর্দান্ত করেছেন’—পরশু টোকিওতে বলেছেন মেসি। নতুন কোচের অধীনে নতুন লক্ষ্যও জানিয়েছেন, ‘নতুন মৌসুমের শুরুতে বার্সেলোনার পরিষ্কার একটা লক্ষ্য থাকে—সব শিরোপা জেতা। আশা করি সেটা করতেও পারব। আবার শূন্য থেকেই শুরু করব আমরা।’ নেইমারও কথা বলেছেন অভিন্ন সুরে, ‘আমি গোল করি বা না করি, লক্ষ্য থাকবে সব সময় জেতা। আমি গোল করলে অবশ্যই খুশি হব। কিন্তু (আমি না করে) পিকে, মেসি বা অন্য যে-ই গোল করুক, সেটাও ভালো লাগবে। দল জিতলেই আমি খুশি।’

তবে পিকের প্রশ্নোত্তর পর্বটা ছিল একটু ভিন্ন। বার্সেলোনা, শিরোপা...এসব আলোচনার চেয়েও তাঁকে পেয়ে সাংবাদিকদের যেন সার্জিও রামোস, ব্যালন ডি’অর, রিয়াল মাদ্রিদ প্রসঙ্গগুলোয় প্রশ্ন করতেই ছিল বেশি আগ্রহ। ব্যালন ডি’অর প্রশ্নে বার্সেলোনা ডিফেন্ডার বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছে বলে এবার ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে থাকবে। তবে লিওনেল মেসি সর্বকালের সেরা। আর (ব্যালন ডি’অর প্রশ্নে) অন্য আরও অনেকেই থাকবে।’ রিয়াল-রামোস বিতর্কেও ঠান্ডা মাথার কূটনৈতিক বনে গেছেন পিকে, ‘রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার দ্বৈরথ অনেক বড়। রামোস রিয়ালের হয়ে কথা বলে, আমি বার্সেলোনার। মুখোমুখি হলে নিজেদের জার্সির মর্যাদা রাখার চেষ্টা করি দুজন। তবে স্পেন জাতীয় দলে গেলে আমরা একসঙ্গেই লড়ি।’ এএফপি, গোলডটকম, ডেইলি মেইল।