ভালভার্দেতেই আস্থা রাখল বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মৌসুমেও বার্সেলোনার দায়িত্বে থাকছেন আরনেস্তো ভালভার্দেই। এএফপি ফাইল ছবি
আগামী মৌসুমেও বার্সেলোনার দায়িত্বে থাকছেন আরনেস্তো ভালভার্দেই। এএফপি ফাইল ছবি
>মৌসুমের শেষ ভাগে এসে দুটি বাজে হারে অনিশ্চয়তার সুতোয় ঝুলে গিয়েছিল আরনেস্তো ভালভার্দের চাকরি। কিন্তু বার্সেলোনা বোর্ড নিশ্চিত করেছে, অন্তত আগামী মৌসুমেও কাতালানদের দায়িত্বে থাকছেন এই স্প্যানিশই।

গতকাল দিনভর গুঞ্জন শোনা গিয়েছিল, আরনেস্তো ভালভার্দের বদলে নতুন কোচ আনতে চলেছে বার্সেলোনা। কিন্তু ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পাল্টে গেল সবকিছু। কাতালান বোর্ড নিশ্চিত করেছে, আগামী মৌসুমেও দলের দায়িত্বে থাকছেন ভালভার্দেই।

গত কয়েক দিনে ভালভার্দের থাকা না-থাকা নিয়ে বিস্তারিত আলোচনার পরই এই সিদ্ধান্তে এসেছে বার্সেলোনা বোর্ড, এমনটাই জানিয়েছে স্প্যানিশ ওয়েবসাইট মার্কা। ক্লাবটির পরিচালকদের বিশ্বাস, গত দুই মৌসুমে পাওয়া সাফল্যের ধারাবাহিকতা সামনের মৌসুমেও ধরে রাখবেন ৫৫ বছর বয়সী এই কোচ।

লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় ও কোপা ডেল রের ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে হারার পর বার্সেলোনায় ভালভার্দের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ নিশ্চিত করেছেন, আগামী মৌসুমেও মেসিদের কোচ থাকছেন ভালভার্দেই। ভ্যালেন্সিয়ার কাছে হারের পরপরই বার্তোমেউ বলেছিলেন, ‘এই হারের পেছনে কোচের দায় নেই। আরনেস্তো ভালভার্দের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে।’

শুধু ক্লাব সভাপতি নয়, দলের খেলোয়াড়দেরও সমর্থন পাচ্ছেন ভালভার্দে। এরই মধ্যে অধিনায়ক লিওনেল মেসি, জর্দি আলবা, জেরার্ড পিকে, ইভান রাকিটিচরা ভালভার্দের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন।

এর আগে গতকাল সারা দিন স্প্যানিশ গণমাধ্যমগুলোতে গুঞ্জন ছিল, বরখাস্ত করা হচ্ছে ভালভার্দেকে। বিকল্প হিসেবে বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ ও রিয়াল বেতিসের সাবেক কোচ এনরিকে সেতিয়েনের নামও শোনা যাচ্ছিল জোরেশোরেই। বিশেষ করে কিছুদিন আগেই চাকরি হারানোয় সেতিয়েনকে ঘিরেই গুঞ্জনটা বেশি ছিল। সেতিয়েনের খেলানোর ধরনের সঙ্গে বার্সার ফুটবল দর্শনের বেশ মিল বলে গুঞ্জনটাকে বেশ শক্তিশালীও মনে হচ্ছিল। তবে ভালভার্দেকে বহাল রেখে সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছে খোদ বার্সেলোনাই।

ইতিহাস বলছে, গত ১৬ বছরে কোনো কোচকে বরখাস্ত করেনি বার্সেলোনা। বার্সেলোনা থেকে বরখাস্ত হওয়া সর্বশেষ কোচ ছিলেন ডাচ কোচ লুই ফন গাল। দ্বিতীয় মেয়াদে ক্লাবের দায়িত্ব সামলাতে আসা ডাচ কোচকে ২০০৩ সালে বরখাস্ত করেছিল বার্সা। এরপর ক্লাব থেকে বিদায় নিয়েছেন ৬ জন কোচ, কিন্তু তাঁদের কাউকেই বরখাস্ত করেনি বার্সা। কেউ বিদায় নিয়েছেন স্বেচ্ছায়, আবার কেউ বা অমোঘ নিয়তি মেনে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।