ভালো খেলেও 'রেকর্ড'টা এড়াতে পারল না ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনিদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন কোর্তোয়া। ছবি: এএফপি।
রুনিদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন কোর্তোয়া। ছবি: এএফপি।

ম্যানচেস্টার ইউনাইটেড কাল ‘ঘুমপাড়ানি’ ফুটবল খেলেছে, ইউনাইটেডের ঘোরতর কোনো শত্রুও এমন দাবি করতে পারবে না। অনেক দিন পর পুরোনো মোহনীয় রূপে দেখা দিল ‘রেড ডেভিল’রা। পুরোনো সেই ঝলক, আক্রমণ-প্রতি আক্রমণ, মাঠে খেলোয়াড়দের সবটুকু উজাড় করে দেওয়া— অনেক দিন পর ইউনাইটেডকে মনে হল ইউনাইটেডের মতোই। যদিও ম্যাচের স্কোরলাইনে এর কোনো প্রভাব পড়েনি, চেলসির সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে লুই ফন গালের দল।
কখনো গোলপোস্ট, কখনো বার, কখনো স্ট্রাইকারদের ব্যর্থতা, কিংবা কখনো চেলসির জন টেরির ব্লক বা থিবো কোর্তোয়ার দুর্দান্ত কোনো সেভ— ইউনাইটেডের বাধা হয়ে দাঁড়িয়েছিল কাল এগুলোই। আর এই বাধাগুলো ডিঙাতে না পারার খেসারত দিতে হলো পয়েন্ট টেবিলে, রেকর্ড বইয়ে। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে জয়হীন ইউনাইটেড। ১৯৯০ সালের জানুয়ারিতে সর্বশেষ এমন বাজে সময় কেটেছিল ইউনাইটেডের। ২৫ বছর আগের সেই মৌসুমেও একটা সময় সব প্রতিযোগিতা মিলিয়ে ঠিক ৮ ম্যাচে জয়হীন ছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের ইউনাইটেড।
ডিসেম্বর মাসে লিগে পাঁচটি ম্যাচ খেলেছে ইউনাইটেড। ওয়েস্ট হাম, বোর্নমাউথ, নরউইচ, স্টোক সিটি ও চেলসি— সম্ভাব্য ১৫ পয়েন্টের মধ্যে রেড ডেভিলরা নিতে পেরেছে মাত্র ২ পয়েন্ট! ডিসেম্বরে লিগে এর চেয়ে কম পয়েন্ট পেয়েছে শুধু অবনমন অঞ্চলে থাকা সান্ডারল্যান্ড! ফন গালের চাকরি নিয়ে টানাটানি তো আর এমনি এমনিই হচ্ছে না! ডাচ কোচের বদলে হোসে মরিনহোকে ইউনাইটেডের ডাগআউটে দেখার সম্ভাবনাও দিন দিন বেড়েই চলছিল। মরিনহোর সম্ভাবনা এখনো আছে, তবে কালকের ম্যাচের পর সেটি এখন কিছুটা হয়তো কমেছে।
অথচ কালকের ম্যাচটাকেই ভাবা হচ্ছিল ইউনাইটেডে লুই ফন গালের শেষ ম্যাচ। ম্যাচের আগে ওল্ড ট্রাফোর্ডের বাইরে মরিনহোর নাম লেখা ইউনাইটেডের স্কার্ফও বিক্রি হচ্ছিল। কিন্তু খেলা শুরু হওয়ার পর থেকেই বোধ হয় অন্তত ৯০ মিনিটের জন্য মরিনহোকে ভুলে গেছেন ইউনাইটেড সমর্থকেরা। কাল শুরু থেকেই একাদশে ছিলেন স্ট্রাইকার ওয়েইন রুনি। অনেক আত্মবিশ্বাসীও ছিলেন এই ইংলিশ স্ট্রাইকার। তাঁর পাস থেকেই তিন মিনিটে ইউনাইটেডের প্রথম শটটি করেছিলেন হুয়ান মাতা, যেটি কিনা ফিরে আসে বারে লেগে। এর কিছুক্ষণ পর মার্শিয়ালের একটি শটও বারে লেগে ফিরে আসে।
পুরো ম্যাচজুড়েই ৬৭ শতাংশ বলের দখল ছিল ইউনাইটেডের কাছে। সুযোগও বেশি তৈরি করেছে তারা। রুনি-হেরেরা-স্নেইডারলিনদের শট ফিরিয়ে দিয়েছেন কোর্তোয়া। আবার কিছু সুযোগ মিসও করেছেন রুনি-শোয়েইনস্টাইগাররা।
সুযোগ মিস করেছে চেলসিও। ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিল তারা। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন চেলসির নেমানিয়া মাতিচ। এ ছাড়া পেদ্রো, টেরিদের শট অমানবীয় দক্ষতায় ফিরিয়ে দিয়েছেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গেয়া।
ম্যাচ শেষে ফন গালের দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে আক্ষেপ করলেন গোল করার ব্যর্থতা নিয়ে, ‘যা ঘটেছে সেটি অবিশ্বাস্য। দুটি শট পোস্টে লেগেছে। রেফারিও দুটি পেনাল্টি দেয়নি। চেলসিও তিনটি সুযোগ তৈরি করেছে। তবে যখন আপনি এমন আক্রমণাত্মক খেলবেন, সেখানে মাত্র ৩টি সুযোগ দেওয়া একেবারে খারাপ কিছু নয়।’
তবে ফন গালের সংবাদ সম্মেলন হচ্ছে, আর তাঁর চাকরি নিয়ে প্রশ্ন হবে না তা কী করে হয়। যদিও এবারের প্রশ্নটা সরাসরি তাঁর ভবিষ্যৎ নিয়ে ছিল না। ‘খেলোয়াড়েরা ফন গালের জন্য খেলছে না’ এমন গুঞ্জন বিষয়ে প্রশ্নে ফন গাল বললেন, ‘এটি সত্যি নয়। খেলোয়াড়, বোর্ড, স্টাফ— সবার সঙ্গেই আমার সম্পর্ক বেশ ভালো। আমাকে এর জন্য ওরা বরখাস্ত করতে পারবে না।’
ওদিকে চেলসি কোচ গাস হিডিঙ্ক আক্ষেপ করলেন দলের চোট নিয়ে। চোটের জন্য এই ম্যাচে ছিলেন না স্ট্রাইকার ডিয়েগো কস্তা। ‘ফলস নাইনে’ তাই এডেন হ্যাজার্ডকে নিয়ে শুরু করেছিল চেলসি, যিনি কিনা গত ১১ ম্যাচে কোনো গোল তো করতে পারেনইনি, একটি অ্যাসিস্টও করতে পারেননি।
এই স্ট্রাইকার সমস্যা নিয়ে ম্যাচ শেষে হিডিঙ্ক বললেন, ‘আমাদের স্ট্রাইকার নিয়ে সমস্যা ছিল। সবাই চোটগ্রস্ত। তারপরও এমন ফল নিয়ে আমি খুশি। অবশ্যই আমরা গোল করতে চেয়েছিলাম। দুটি সুযোগও পেয়েছি। তবে যা হয়েছে তাতে আমি খুশি।’ সূত্র: ইএসপিএন।