জাতীয় দলের মতো ভরাডুবি অন্তত হবে না—বয়সভিত্তিক দল বিদেশে খেলতে গেলে এ কথাটা এখন উচ্চারিত হয় বাংলাদেশের ফুটবলে। টুর্নামেন্টটা দক্ষিণ এশিয়ার হলে জয়ের স্বপ্ন রঙিন হয়ে ওঠে। কিন্তু আজ সকালে ভুটান-যাত্রার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের কোচ মাহবুব হোসেন জয়ের কথা বলেননি উচ্চকিত কণ্ঠে। প্রস্তুতিটা যে মনমতো হয়নি।
প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ চলায় খেলোয়াড়দের পাওয়া যায়নি একসঙ্গে। পুরো দল নিয়ে মাত্র তিন দিন অনুশীলন হয়েছে। তবে ২৩ জনের দলের বেশির ভাগই দেশের শীর্ষ লিগে খেলে। চারজন তো নিয়মিতই থাকে একাদশে। এটা ইতিবাচক দিক।
এই দলের প্রধান কোচ ছিলেন অ্যান্ড্রু ওর্ড। তবে শেষ মুহূর্তে দেখা যাচ্ছে প্রধান কোচ হয়েছেন সহকারী কোচ মাহবুব হোসেন। জাতীয় দলের কোচ অ্যান্ড্রু থাকছেন উপদেষ্টা হিসেবে। তবে সরকারি তালিকায় তাঁর নামই নেই।
শ্রীলঙ্কা শেষ সময়ে নাম প্রত্যাহার করায় পাঁচ দল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলবে। প্রতি দলের ম্যাচ চারটি করে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন। আগের সূচিতে বাংলাদেশের দুটি গ্রুপ ম্যাচ ছিল ভুটান ও ভারতের সঙ্গে। এখন ১৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচেই বড় পরীক্ষা, সামনে ভারত। ২০ সেপ্টেম্বর মালদ্বীপ, ২৫ ও ২৭ সেপ্টেম্বর প্রতিপক্ষ নেপাল ও ভুটান।
সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ কখনো ফাইনালে খেলতে পারেনি। গত মাসে নেপালে অনূর্ধ্ব-১৫ সাফের সেমিতেই বিদায়। বাংলাদেশের ফুটবলে কোনো একাডেমি নেই, তাই খেলোয়াড় উঠে আসছে না। সেটা মনে রেখে এই সফরে আশার বেলুন ফোলাতে চান না কর্মকর্তারা। উপরন্তু লিগ চলার কারণে অনুশীলন ম্যাচ খেলা হয়নি একটিও। তাই ‘আমরা জিতব’, ‘চ্যাম্পিয়ন হতে চাই’ বা অন্তত ‘ফাইনালে খেলতে চাই’ জোর দিয়ে বলেননি কোচ মাহবুব।
তবে আস্থা রাখতে চান ছেলেদের ওপর, ‘প্রস্তুতির ঘাটতি থাকলেও আশা নিয়েই যাচ্ছি আমরা। সেটা অবশ্যই ভালো খেলা। এই ছেলেরাই একদিন জাতীয় দলে খেলবে। ওরা চাইবে নিজেদের তুলে ধরতে।’
অধিনায়ক ঘোষণা হয়নি গতকাল পর্যন্ত। তবে কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘আমরা সব দলকে হারানোর চেষ্টা করব। ইনশা আল্লাহ, আমরা ভালো করব।’ এঁদের পাশে বসে দলের ওপর আস্থা জানালেন বাফুফে সহসভাপতি ও জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ এবং সফরে যুবদলটির ম্যানেজার আমিরুল ইসলাম।
বয়সভিত্তিক দলের জন্যও লিগ বন্ধ রাখা নিয়ে তির্যক প্রশ্নের উত্তরও দিতে হয়েছে কাজী নাবিল আহমেদকে। সবার সঙ্গে অবশ্য তিনিও একমত, ‘সবার মতামতের ভিত্তিতে লিগ বন্ধ করা হয়েছে। তবে ব্যক্তিগতভাবে মনে করি, অন্তত বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোর সময় লিগ বন্ধ হওয়া উচিত নয়।’