ভালো থাকবেন দাভিদে আস্তোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাভিদে আস্তোরি।
দাভিদে আস্তোরি।

এমন মৃত্যুর কথা কেই-বা ভাবতে পারে? রাতে ঘুমাতে যাওয়ার সময়ও মনে ছিল উদিনেসকে হারিয়ে দলকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চিন্তা, দলকে কীভাবে মাঠে পরিচালনা করবেন, তা নিয়ে চিন্তা। আর এর মাঝেই মৃত্যু। ফিওরেন্টিনা অধিনায়ক দাভিদে আস্তোরির বিদায়টা ছিল এমনই মর্মান্তিক।

এটা ফুটবল। সব শোক সহ্য করেই এগিয়ে যেতে হয়। তবুও সম্মানের বিষয়টা চলেই আসে, আবেগকে বাধা দেওয়া যায় না। তাই তাঁর স্মরণে বর্তমান দল ফিওরেন্টিনা ও আগের দল কালিয়ারি ১৩ নম্বর জার্সিকে পাকাপাকিভাবে অবসরে পাঠিয়েছে।

কালিয়ারির খেলোয়াড়দের জন্য সংবাদটা ছিল ভয়ংকর এক ঝড়ের মতো। তাঁরা তখন ব্যস্ত মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে, এমন সময় তাঁদের কাছে এই খবরটা ছিল আকাশ থেকে পড়ার মতোই। যাঁর সঙ্গে দুই মৌসুম আগেই মাঠে নামা হতো, সে খেলোয়াড়কেই নাকি আর কখনো দেখা যাবে না! কেউই বিশ্বাস করতে পারেননি যে এমন কোনো ঘটনা ঘটতে পারে। তখনই ত্বরিত সিদ্ধান্ত, ম্যাচ বাতিল। ফিওরেন্টিনা তো আগেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সিরি ‘আ’ পরে সব ম্যাচই স্থগিত করেছে। তবে মিলান ডার্বি এর আগেই বাতিল হয়ে গেছে। দুই অধিনায়ক মিলে ফেডারেশনের তোয়াক্কা না করে নিজেরাই সে সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর শেষকৃত্যে হাজির হয়েছিল সতীর্থ, ভক্তসহ সবাই। ছবি: রয়টার্স
তাঁর শেষকৃত্যে হাজির হয়েছিল সতীর্থ, ভক্তসহ সবাই। ছবি: রয়টার্স

ইউরোপে খেলার জন্য দেশ-বিদেশ ঘুরে বেড়ানোটা প্রতিনিয়ত। পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়া বিলাসিতা। তবে এভাবে বিদায় দিতে হবে আস্তোরিকে তা হয়তো ভাবেননি সঙ্গী ফ্রাঞ্চেস্কা ফিওরেত্তি। দুই বছরের মেয়েরও কখনো জানা হবে না তার বাবা কতটা ভালো মানুষ ছিলেন। এ যন্ত্রণা এ দুজনকে সইতে হবে অনেক দিন।

প্রতিটি ইতালিয়ান দলের মাঝে শোক গেঁথে বসেছে। বেনেভেন্তো তাদের জার্সিতে আস্তোরির নাম লিখে মাঠে নামবে আগামী কয়েক ম্যাচ। প্রতিটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ ও ইউরোপা লিগ ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করেছে উয়েফা। রোমের বিখ্যাত স্টেডিও রোমার সামনে ব্যানার টানানো হয়েছে, ‘রোম তাঁকে ভুলবে না, যে নিজের রঙে রাঙিয়েছিল আমাদের।’

ফুটবল খেলা হয় কড়া নিরাপত্তায়। কিন্তু প্রতি রোববার, এই ফুটবলের থেকে সুন্দর কিই-বা হতে পারে। সেই সবুজ মাঠ, যেখানে অবিরাম ছোটাছুটি, আনন্দ, হাসি, কান্না, বেদনা আর অফুরান স্বপ্ন খেলা করে। কিন্তু আস্তোরির স্বপ্নটা বড্ড আগে ফুরিয়ে গেল।

ভালো থাকবেন দাভিদে আস্তোরি!