
গত কয়েক বছর মোহামেডানের বেশির ভাগ ফুটবলারের নামই জানতেন না কেউ। গত বছর প্রায় সবই ছিল অচেনা মুখ। ওই অনভিজ্ঞ দল নিয়ে দশম স্থানে নাম লিখিয়ে কোনোক্রমে অবনমন এড়িয়েছে মোহামেডান। কিন্তু এবার দলটি ভালো হয়েছে। এবার মোহামেডানের খেলোয়াড় তালিকায় অনেক পরিচিত ফুটবলার। প্রতিটি পজিশনে একাধিক খেলোয়াড়।
মোহামেডান কাল দলবদলের কাজটা সেরে ফেলেছে আনুষ্ঠানিকভাবে। প্রায় ছয় কোটি টাকা বাজেট এবার, গত আট বছরে যা সর্বোচ্চ। এরই মধ্যে নাকি চুক্তির তিন-চার কোটি টাকা পরিশোধও করে দিয়েছে কর্তৃপক্ষ।
গতবারের মাত্র পাঁচজনকে রেখে গড়া নতুন এই দলের গোলপোস্টে মামুন খান ও রাসেল মাহমুদ লিটনের মতো শীর্ষ নাম। তৃতীয়জন মোহাম্মদ আল-আমিন। উইং ব্যাক নাসিরুল ইসলাম ও লিংকন। স্টপারে মিন্টু শেখ, রেজাউল করিম। এই চারজনই জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকেন। রক্ষণে আরও আছেন আসাদুজ্জামান বাবলু, মঞ্জুরুর, মোহাম্মদ মনির, আশিক, সাহেদ, খান শরিফ।
মাঝমাঠে ফয়সাল মাহমুদ, এনামুল হক শরিফ, আবদুল বাতেন কোমল, শাকিল আহমেদ। সঙ্গে অনিক, ইমরুল, জামাল...। আক্রমণে অভিজ্ঞ জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, তকলিচের সঙ্গে বিপুল। দুজন বিদেশি খেলোয়াড়ও নিশ্চিত করেছে মোহামেডান। আক্রমণে গতবার ব্রাদার্সের এনকোচা কিংসলে এবং মাঝমাঠে বিজেএমসির স্যামসন ইলিয়াসু।
দল ভালোই হলো। মাঠে কতটা ভালো খেলতে পারবে, সেটাই দেখার। অনেকে অবশ্য বলতে পারেন, এমিলি, কোমল, তকলিচরা চোটের কারণে সেভাবে খেলতেই পারেননি গতবার, কেউ কেউ বেঞ্চেই সময় কাটিয়েছেন। তবে বাফুফের ভবনে কাল দলবদল করতে এসে যে উজ্জীবিত মোহামেডানকে দেখা গেল, তাতে এই ফুটবলাররা মাঠে সেরাটা দিতে পারলে সাদাকালো দলটি সাফল্য পেতেই পারে। লিগের দিকেই তাদের বেশি নজর, কারণ পেশাদার লিগের ১০ বছরে ঐতিহ্যবাহী দলটির কাছে এই শিরোপা এখনো অধরা।
মোহামেডান ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এবার দল নিয়ে খুব আশাবাদী, ‘আমরা এই বছর প্রচণ্ড পরিশ্রম করে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছি। চেষ্টার ত্রুটি রাখিনি। এখন ফুটবলাররা মাঠে নিজেদের উজাড় করে দিলে সাফল্য পাবই।’ মাঠে নিজেদের উজাড় করার প্রতিশ্রুতি সম্ভাব্য অধিনায়ক এমিলির মুখেও, ‘দারুণ একটা দল হয়েছে। অন্তত একটি ট্রফি আমরা জিততেই পারি। তবে আশা থাকবে আরও বেশি।’
ডিফেন্ডার লিংকন যা বললেন, সেটিই হতে পারে মোহামেডানের জন্য বড় টনিক, ‘আমরা ১০-১২ জন ফুটবলার এবার জেদের বশে মোহামেডানে এসেছি। টাকার দিকে তাকাইনি। আমরা মোহামেডানকে ট্রফি দেবই এবার, এটা আমাদের প্রতিজ্ঞা।’
এই ফুটবলাররা সৈয়দ নইমুদ্দিনের মতো কোচের হাতে পড়লে ভালো কিছু হতেই পারে। নইমুদ্দিন দু-তিন দিনের মধ্যে ঢাকায় এসে দায়িত্ব নেবেন।