ভাসকেজ জানতেন রোনালদোই গোল করবেন!

লুকাস ভাসকেজ হয়তো ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। না হলে আগে থেকেই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি কার হাত দিয়ে আসবে, সেটি কীভাবে বলে দিলেন? তাও আবার ক্লাব বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে? ভাসকেজের সেই ভবিষ্যদ্বাণীই তাতিয়ে দিয়ে থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। তাঁর গোলেই যে গ্রেমিওকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পরপর দুটি ক্লাব বিশ্বকাপ ফাইনালে গোল করার অনন্য কীর্তি গড়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
ম্যাচের ৫৩ মিনিট পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল গ্রেমিও। গোলশূন্য অবস্থায় আটকে থাকা ম্যাচে উৎকণ্ঠা বাড়ছিল রিয়ালের। সে সময়ই বক্সের বাইরে ফ্রি-কিক পায় রিয়াল। গ্রেমিও গোলরক্ষক মানব-দেয়াল সাজাতে গন্ডগোল করে ফেলেছিলেন। দেয়ালের মাথা ছুঁয়ে যাওয়া ফ্রি-কিকে বল জালে জড়ান রোনালদো। গোল করেই ছুটলেন সাইডলাইনের দিকে, ততক্ষণে মাঠের দিকে ছুটে এসেছেন ভাসকেজ। শুরুতে বেঞ্চে বসে থাকা স্প্যানিশ ফরোয়ার্ড যে ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিলেন গোল করবেন রোনালদো।
ম্যাচের প্রস্তুতির সময় জানিয়েছিলেন রোনালদোই গোল করবেন। কথাটা মাথায় ছিল পর্তুগিজ অধিনায়কের। তাই গোল করেই ছুটে গিয়েছিলেন সতীর্থ ভাসকেজের দিকে। দুই বন্ধুর উদ্যাপনেই বোঝা যায় কথাটা দুজনই মনে রেখেছিলেন। জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের আরও একটি শিরোপায় মিশে রইল বন্ধুত্বের দারুণ একটা গল্প। সূত্র: মার্কা