ভিডিও প্রযুক্তির সুবিধা পেল বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুন্দেসলিগায় ভিএআর প্রযুক্তি থেকে প্রথম গোল লেভানডফস্কি। ছবি: এএফপি
বুন্দেসলিগায় ভিএআর প্রযুক্তি থেকে প্রথম গোল লেভানডফস্কি। ছবি: এএফপি

বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমেই পেশাদারি ক্যারিয়ারের ইতি টেনেছেন ফিলিম লাম। বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ককে ছাড়া নতুন মৌসুমের শুরুটা আগেই করেছিল বায়ার্ন। কাল শুরু করল লিগ। টানা ষষ্ঠ লিগ জয়ের মিশনে শুভ সূচনাই করেছে তারা। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বেয়ার লেভারকুসেনের বিপক্ষে জয়টা এসেছে ৩-১ গোলে।
জার্মান লিগের ইতিহাসে এবারই প্রথম ব্যবহৃত হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। প্রথম ম্যাচেই এ প্রযুক্তির আশীর্বাদ পেয়েছে বায়ার্ন। ৫৩ মিনিটে লেভারকুসেনের বক্সে ফাউলের শিকার হন বায়ার্নের রবার্ট লেভানডফস্কি। রেফারি টবিয়াস স্টেইল ভিডিও রেফারির সঙ্গে আলোচনা করে পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে নিখুঁত ফিনিশিংয়ে স্বাগতিকদের তৃতীয় গোলটি এনে দেন লেভা। প্রথম দুটি গোল অভিষিক্ত নিকলাস সুল ও কোরেনতিন তোলিসসোর।
রক্ষণভাগে ফিলিপ লাম ও জাভি আলোনসোর ঘাটতি পূরণে এই মৌসুমে দলে এসেছেন সুল ও তোলিসসোর। এর মধ্যে লিঁও থেকে তোলিসসো আসেন ক্লাব রেকর্ড ৪ কোটি ১০ লাখ ইউরোয়। হফেনহাইম থেকে সুলকে কিনেছে বায়ার্ন। এই দুজনের সঙ্গে অভিষেক হয়েছে হফেনহাইম থেকে আসা সেবাস্তিয়ান রুডিরও। ৯ মিনিটে রুডির পাস থেকে অভিষেকেই গোল পেয়ে যান সুল। ৬৫ মিনিটে লেভারকুসেনের হয়ে সান্ত্বনাসূচক গোলটি মেহমেদির।
অ্যালিয়াঞ্জ অ্যারিনায় এটা ছিল বায়ার্নের ৩০০তম প্রতিযোগিতামূলক ম্যাচ। ঘরের মাঠে এ পর্যন্ত ২৩২ ম্যাচ জয়ের (৭৭ শতাংশ) মুখ দেখেছে বায়ার্ন। ২৭ হার এবং ৪১ ম্যাচ ড্র করেছে তারা। ম্যাচপ্রতি ২.৭ গড়ে গোল করার বিপরীতে ০.৭ গড়ে গোল হজম করেছে তারা। সূত্র: রয়টার্স, এফসিবায়ার্ন