ভিডিও রেফারির 'প্রথম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার কালি হয়তো ভাবছেন, কী দরকার ছিল ফুটবলে ওসব ভিডিও রেফারি-টেফারি আনার? ম্যাচ রেফারিই তো যথেষ্ট ছিলেন।

ডাচ ক্লাব উইলেম টু টিলবার্গের এই মিডফিল্ডার এমন ভাবলে তাঁকে দোষও দেওয়া যাবে না। ডাচ কাপে পরশু আয়াক্সের লাসে শোনকে ফাউল করেছিলেন কালি, হলুদ কার্ডও দেখেছিলেন। কিন্তু হঠাৎই খেলা থামিয়ে রেফারি বের করে আনলেন লাল কার্ড। কেন? ভিডিও রেফারির নির্দেশ!

মূল রেফারিদের সিদ্ধান্ত আরও নিখুঁত করতে গত মাসে ফ্রান্স-ইতালির প্রীতি ম্যাচেই শুরু হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং (ভিএআর)। সেদিন অবশ্য ৯০ মিনিট ‘শুয়ে-বসে’ই কাটিয়েছিলেন নতুন রেফারি, কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকারই পড়েনি। পরশু নিলেন, ভিডিও রেফারির দেওয়া ইতিহাসে প্রথম সিদ্ধান্ত, তাতে কপাল পুড়ল কালির।

ম্যাচের সময় ভিডিও রেফারি পোল ফন বোয়েকেলের জায়গা হয়েছিল আমস্টারডাম অ্যারেনার পার্কিং লেভেলে, ছোট একটি ভ্যানে। তাঁর ‘চোখে’র কাজ করেছে ছয়টি টিভি স্ক্রিন। ৬০ মিনিটে কালির ওই ফাউলে মূল রেফারি হলুদ কার্ড দেওয়ায় হেডসেটের মাধ্যমে বোয়েকেলই পরে দেন লাল কার্ডের পরামর্শ। রয়টার্স।