ভিদাল-বিতর্ক মুছে দিয়ে দুর্দান্ত চিলি
কী বিক্ষুব্ধ একটা সময়ই না গেল! মাতাল হয়ে গাড়ি দুর্ঘটনায় আরেকটু হলেই নিজের ও স্ত্রীর জীবনসংশয় করতে বসেছিলেন আর্তুরো ভিদাল। চিলিয়ান মিডফিল্ডারকে হাজতবাস করতে হলো এক দিন, দুই দিন ধরে পুরো দেশ তোলপাড়। এমন কাণ্ডের পরও সবাইকে বিস্মিত করে চিলি কোচ হোর্হে সামপাওলি জানালেন, ভিদালকে পরের ম্যাচে খেলাচ্ছেন। সতীর্থদের অন্য রকম অনুপ্রেরণা হয়ে খেললেনও ভিদাল। গোটা চিলি দলকে দুর্বার দেখা গেল মাঠে। বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এখন পর্যন্ত কোপা আমেরিকার সেরা ফুটবলই খেলল স্বাগতিকেরা।
চিলির মিডফিল্ডার ডেভিড পিজারো স্বীকারই করেছেন, ভিদালের ঘটনাটা দলের জন্য খানিকটা অস্বস্তিকর ছিল, ‘ব্যাপারটা একটু বিব্রতকর তো বটেই। আর্তুরোর ঘটনাটা আমরা দল হিসেবেই সামাল দিয়েছি। সে জানে সে একটা ভুল করেছিল। তবে এখন সেটা অতীত।’
বলিভিয়ার বিপক্ষে পুরো চিলি দলটাই ছিল টগবগে। জোড়া গোল করেছেন চার্লস আরাঙ্গুইজ। একটি করে গোল করেছেন অ্যালেক্সিস সানচেজ ও গ্যারি মেদেল। অন্যটি আত্মঘাতী। বিধ্বংসী এই জয়ের পরও ম্যান অব দ্য ম্যাচ চিলি মিডফিল্ডার হোর্হে ভালদিভিয়া নিজেদের খেলায় আরও উন্নতি করার সুযোগ দেখছেন, ‘আমরা গোল পাচ্ছিলাম না। এই জয়ে তাই খুশি। তবে আমাদের আরও ভালো করতে হবে। এখনো উন্নতির সুযোগ আছে।’ নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই স্বাগতিকেরা পা রাখল কোয়ার্টার ফাইনালে। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে বা প্যারাগুয়ে।
তবে এত বড় ব্যবধানে হেরেও খুব একটা ক্ষতি হয়নি বলিভিয়ার। রানার্সআপ হিসেবেই পা রেখেছে কোয়ার্টার ফাইনালে। তার আগে ইকুয়েডরের কাছে ২-১ গোলে কপাল পুড়েছে মেক্সিকোর, মাত্র একটি ম্যাচ হেরেই বিদায় গ্রুপ পর্ব থেকে। আর তৃতীয় হয়ে এখনো আশা বাঁচিয়ে রেখেছে ইকুয়েডর। এএফপি।