ভিদালের দুই গোলে চিলির স্বস্তি

যোগ করা সময় এমনিতে মিনিট পাঁচেকের বেশি খুব একটা হয় না। কিন্তু সেটা কাল ১০ মিনিটে চলে গেল। যেকোনো সময় রেফারি বাজিয়ে দেবেন শেষ বাঁশি। বাঁশি বাজল ঠিকই, কিন্তু খেলা শেষের নয়, পেনাল্টির। রেফারির দাবি, বলিভিয়ার ডিফেন্ডার লুইস গুতিয়েরেজের হাতে বল লেগেছে। ওই পেনাল্টি থেকেই গোল করলেন চিলির আরতুরো ভিদাল। বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে চিলি বাঁচিয়ে রাখল কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা।
পরে রিপ্লেতে দেখা গেছে, বলটা আসলে গুতিয়েরেজের হাতে লাগেনি, লেগেছে কাঁধে। বলিভিয়ার খেলোয়াড়েরা রেফারিকে ঘিরে প্রতিবাদ করেছেন, কিন্তু লাভ হয়নি। প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের পর এই জয়টা খুব করেই দরকার ছিল চিলির। তাদের কোচ হুয়ান আন্তোনিও পিজ্জির দাবি, জয়টা তাদের প্রাপ্যই ছিল, ‘খেলাটা আমাদের পরিকল্পনামতো হয়নি, কিন্তু জয়টা হয়েছে যোগ্য দলেরই।’
৪৬ মিনিটে ভিদালের গোলেই এগিয়ে গিয়েছিল চিলি। ৬১ মিনিটে জাসমানি কাম্পোসের দুর্দান্ত এক ফ্রি-কিকে সমতা ফেরায় বলিভিয়া। কিন্তু শেষ মুহূর্তের গোলে বলিভিয়ার বিদায় হলো প্রথম পর্ব থেকেই। এখন চিলি-পানামার শেষ ম্যাচের বিজয়ীরাই কোয়ার্টার ফাইনালে সঙ্গী হবে আর্জেন্টিনার। এএফপি।
আজকের খেলা
যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে
কলম্বিয়া-কোস্টারিকা
আগামীকালের খেলা
ইকুয়েডর-হাইতি
ব্রাজিল-পেরু