ভিনিসিয়ুস-ঝলকে উজ্জ্বল রিয়াল

২-১ গোলে জিতেছে রিয়ালছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদো ছিলেন। রোনালদোর পর রিয়ালের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন করিম বেনজেমা। কিন্তু বেনজেমারও তো বয়স কম হলো না। আসছে ডিসেম্বরে ৩৪-এ পা দিতে যাওয়া বেনজেমা অবসর নিলে কে নেবেন রিয়াল-ভার? কে হবেন রিয়ালের আক্রমণভাগের আশার বাতিঘর?

এ মৌসুমে যেন সে প্রশ্নের উত্তর দিয়ে ‘লেটার মার্কস’সহ পাস করে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। গত রাতেও দেখালেন, চাইলে রিয়াল তাঁর ওপর নিশ্চিন্তে ভরসা করতে পারে এখন।

এই শটেই গোল করেছেন ভিনিসিয়ুস
ছবি : রয়টার্স

সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে বেশ কঠিন এক ম্যাচই খেলেছে রিয়াল। প্রতিপক্ষ সেভিয়া কখনোই ছেড়ে কথা কয় না, কালকেও সেটার ব্যতিক্রম হয়নি।

কিন্তু রিয়ালের যে একজন ভিনিসিয়ুস ছিলেন! কৌশলী এই উইঙ্গারের পায়ের জাদুতেই গত রাতে পুরো তিন পয়েন্ট পকেটে পুরেছে রিয়াল। জিতেছে ২-১ গোলে। ৮৭ মিনিটে ভিনিসিয়ুসের চোখধাঁধানো গোলটাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।

লিগের ১৪ ম্যাচে ৯ গোল হয়ে গেল ভিনিসিয়ুসের
ছবি : রয়টার্স

অথচ ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল সেভিয়াই। ম্যাচের ১২ মিনিটেই স্প্যানিশ স্ট্রাইকার রাফা মিরের গোলে এগিয়ে গিয়েছিল সেভিয়া।

আর্জেন্টাইন উইংব্যাক মার্কাস আকুনিয়ার কর্নারে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন এই মৌসুমেই উলভারহ্যাম্পটন থেকে সেভিয়ায় নাম লেখানো এই স্ট্রাইকার। মিরের মাপা হেড ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি বেলজিয়ান গোলকিপার থিবো কর্তোয়া।

৩২ মিনিটেই সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান সেন্টারব্যাক এদের মিলিতাওর দূরপাল্লার এক শট সেভিয়ার মরোক্কান গোলকিপার ইয়াসিন বুনোর হাতে লেগে পোস্টে লাগে।

সে যাত্রায় রক্ষা পেলেও ক্ষণিক পরেই সেভিয়ার বিপদ ডেকে আনেন সামনে ওত পেতে থাকা করিম বেনজেমা। সুন্দর প্লেসমেন্টে সমতা ফেরান এই ফরাসি স্ট্রাইকার।

৮৭ মিনিটে সেই ভিনিসিয়ুস-ঝলক। মাঠের বাঁ প্রান্ত থেকে উঠে গিয়ে বক্সের বাইরে কাট-ইন করে ডান পায়ের বাঁকানো শটে বক্সের ওপরের কোণায় যেভাবে গোল করলেন, রিয়াল সমর্থকদের মনে থাকবে অনেক দিন।

১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে এখনও রিয়াল মাদ্রিদ। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো।