ভিনিসিয়ুসের ভয়ে রিয়াল ছেড়েছেন রোনালদো!

>রিয়াল মাদ্রিদের নয় বছর কাটানোর পর জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এদিকে ব্রাজিলের সাবেক উইঙ্গার এভারটন রিভেইরোর দাবি, রোনালদো নাকি ভিনিসিয়ুসের ভয়ে রিয়াল ছেড়েছেন
শিরোনাম দেখে তাচ্ছিল্যের সুরে রোনালদো ভক্তরা বলতেই পারেন—ভিনিসিয়ুস কোথাকার কোন ‘ছোকরা’, তাঁর জন্য কেন পালাতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে? অথচ ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার এভারটন রিভেইরোর দাবি, ভিনিসিয়ুস জুনিয়রের ভয়েই নাকি রিয়াল মাদ্রিদ ছেড়েছেন রোনালদো!
রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছিন্ন করে রোনালদো যোগ দিয়েছেন জুভেন্টাসে। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। রিয়ালের সাবেক সভাপতি র্যামন ক্যালদেরন যেমন বলেছেন, রোনালদোকে বিক্রি করে দেওয়া রিয়ালের ‘ঐতিহাসিক ভুল’। এ ছাড়া নাপোলির সভাপতি অরেলিয়ো দে লরেন্তিস বলেছিলেন, রোনালদোকে কিনে ভুল করেছে জুভেন্টাস।
কিন্তু কোনো খেলোয়াড়ের ভয়ে রোনালদো ক্লাব ছেড়েছেন, এমন কথা এর আগে কেউ কখনো বলেনি। আর সেই খেলোয়াড়টিও রোনালদোর মতো প্রতিষ্ঠিত কেউ নন। ১৮ বছর বয়সী ভিনিসিয়ুস উঠতি ফরোয়ার্ড। তাঁর প্রশংসা করতে গিয়েই বিতর্কিত মন্তব্যটি করেছেন এভারটন রিভেইরো, ‘ভিনিসিয়ুসের বয়স কেবল ১৮। আমি মনে করি সে রিয়াল মাদ্রিদের মডেল খেলোয়াড় হবে। ভিনিসিয়ুসের ভয়েই রিয়াল ছেড়েছেন রোনালদো। সে ( রোনালদো) জানত তাঁর জায়গা হবে বেঞ্চে।’
২০১৭ সালে চুক্তি হলেও চলতি বছরের জুলাইতে স্প্যানিশ ক্লাবটিতে পাড়ি জমিয়েছেন ভিনিসিয়ুস। তাঁকে নিয়ে আশায় বুক বেঁধেছে রিয়াল। তবে রোনালদো যেখানে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা, এ ছাড়াও জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা ছাড়াও কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। সেখানে ভিনিসিয়ুসের ক্যারিয়ার তো সেই একই (ইউরোপ) ময়দানে কেবল শুরু হলো!
আর তাই ব্রাজিলের সাবেক উইঙ্গার এভারটনের মন্তব্যটা বাগাড়ম্বর মনে হতেই পারে। ভিনিসিয়ুস ব্রাজিলিয়ান বলেই হয়তো এমন মন্তব্য করলেন আরেক ব্রাজিলিয়ান ফুটবলার। তবে সময়ই বলে দেবে রিয়ালের ইতিহাসে কোথায় জায়গা করে নেবেন ভিনিসিয়ুস।