ভিভকেও ছাড়িয়ে 'অলরাউন্ডার' পেরি!

একদিকে এক আন্তর্জাতিক ক্রিকেট দলের বিপক্ষে অর্থহীন টি-টোয়েন্টি। আরেক দিকে ক্লাবের হয়ে উইমেন্স ফুটবল লিগের ফাইনাল।
দোটানায় পড়ে গিয়েছিলেন এলিস পেরি। দুটো খেলাই ভালো লাগে, দুটোই ভালো পারেন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার ও ফুটবলার। ডাকও এল দুই দল থেকেই। এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ক্লাব সাউদার্ন স্টার্সের হয়ে ভারতের মেয়েদের বিপক্ষে সিরিজ খেলছেন তিনি। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে গেছে পেরির দল। আগামীকাল তৃতীয় ম্যাচটি তাই এক অর্থে ‘ডেড রাবার’।
অন্যদিকে অনেকটা অপ্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়ান নারী ফুটবল লিগের ফাইনালে উঠে গেছে পেরির ক্লাব সিডনি এফসি। সে ফাইনালও আবার আগামীকালই।
এতে ঝামেলায় পড়ে গেছেন পেরি। দুটি খেলা একই সময়ে। দুটি দলেই তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়া অনেকটা নিশ্চিত। যেকোনো একটিকে বেছে নিতে হতো। শেষ পর্যন্ত ক্রিকেটেরই ‘জয়’ হলো! ভারতের মেয়েদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন পেরি।
অবশ্য এমন দোটানা পেরির এটাই প্রথম নয়। ২০১৩ সালেও এই ‘শ্যাম রাখি না কূল রাখি’ সিদ্ধান্তের মধ্য দিয়ে যেতে হয়েছিল ২৫ বছর বয়সী ‘অলরাউন্ডার’ পেরিকে। সেবার অবশ্য জিতেছিল ফুটবল। রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের হয়ে টি-টোয়েন্টি ফাইনালে খেলার চেয়ে সিডনি এফসির হয়ে উইমেন্স ফুটবল লিগের সেমিফাইনালে খেলাকেই অগ্রাধিকার দিয়েছিলেন পেরি।
গত বছরও অস্ট্রেলিয়ার এই ‘মাল্টি-স্পোর্ট ওয়ান্ডার’ এমন দোটানায় পড়েছিলেন। কানাডায় মেয়েদের ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পে ডাক পেয়েছিলেন পেরি। কিন্তু সেখানে না গিয়ে তিনি বরং ক্রিকেট দল সাউদার্ন স্টারসের সঙ্গে চলে গেলেন ইংল্যান্ডে। অবশ্য গিয়ে লাভই হয়েছে। সিরিজ সেরা খেলোয়াড় হয়েছিলেন পেরি, তাও ব্যাট-বল দুদিকে অন্য সব খেলোয়াড়ের চেয়ে এগিয়ে থেকে।
তবে ইতিহাসে এমন ‘মাল্টি-স্পোর্ট ওয়ান্ডার’ আরও অনেক এসেছেন। ডেনিস কম্পটন, স্যার ইয়ান বোথাম, স্যার ভিভ রিচার্ডস... তালিকাটা ছোটও নয়। ভিভ রিচার্ডস তো ক্রিকেট ও ফুটবল দুটি বিশ্বকাপেরই অংশ। ক্রিকেটে ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপে গৌরবের কথা নতুন করে বলার কিছু নেই। তবে ফুটবলে কীর্তিটা ঠিক বিশ্বকাপের ফাইনাল মঞ্চে নয়, বাছাইপর্বে খেলেছিলেন অ্যান্টিগার হয়ে।
এদিক থেকে পেরি ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তিকে। আইসিসি ও ফিফার দুটি বিশ্বকাপেই মূল মঞ্চে খেলেছেন এই অস্ট্রেলিয়ান। অর্জনও আছে - ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন, আবার ফুটবল বিশ্বকাপে গোলও করেছেন।
ক্রিকেটে ব্যাট-বলে দক্ষ, ভালো খেলতে পারেন ফুটবলও—সত্যিকারের অলরাউন্ডার যাকে বলে! তথ্যসূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।