আইএসএলে কবে যাবেন মামুনুল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন দলের জার্সি এখনো ‘পরা’ হয়নি মামুনুলের। ছবি: শামসুল হক
নতুন দলের জার্সি এখনো ‘পরা’ হয়নি মামুনুলের। ছবি: শামসুল হক

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল অ্যাটলেটিকো ডি কলকাতায় সুযোগ পেয়ে মামুনুল ইসলাম বলেছিলেন, ‘বিদেশি লিগে খেলা আমার অনেক দিনের স্বপ্ন।’ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের স্বপ্ন পূরণের পথে আপাতত বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ভিসার জটিলতা। ১২ অক্টোবর থেকে আইএসএল শুরু, মামুনুল নাকি এখনো ভারত যাওয়ার ভিসাই পাননি।
মামুনুলের ফ্র্যাঞ্চাইজি সৌরভ গাঙ্গুলির অ্যাটলেটিকো ডি কলকাতা সম্প্রতি স্পেনের মাটিতে অনুশীলন ক্যাম্পে অংশ নিয়েছে। এশিয়ান গেমস নিয়ে ব্যস্ত থাকায় মামুনুল স্পেনে যাননি। এখন ভিসা না পাওয়ার কারণে মূল দলের সঙ্গে যোগও দিতে পারছেন না। পুরো বিষয়টিই যথেষ্ট হতাশার মধ্যে ফেলেছে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা ফুটবল তারকাকে।
প্রথম আলোর কাছে সে হতাশাই ব্যক্ত করেছেন মামুনুল, ‘ভিসা পাচ্ছি না। কবে যে আইএসএলে যোগ দিতে পারবো জানি না। দেখি আজ যাব ভারতীয় হাইকমিশনে।’ দল এ ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে কি না জানতে চাইলে বললেন, ‘ওরা একটা মেইল পাঠিয়েছে। দেখা যাক কি হয়।’
১২ অক্টোবর মুম্বাই সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ-মিশন শুরু করবে কলকাতা।