ভীষণ অসম্ভবের সামনে আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুলের বিপক্ষে অ্যালেক্সিস সানচেজকে না নামানোয় অনুশীলনে দুজনের গন্ডগোল হয়েছে বলে ছড়িয়ে পড়েছিল। সেটি উড়িয়ে দিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। কাল আর্সেনালের অনুশীলনে এই ছবিও ওয়েঙ্গারের পক্ষেই কথা বলছে l এএফপি
লিভারপুলের বিপক্ষে অ্যালেক্সিস সানচেজকে না নামানোয় অনুশীলনে দুজনের গন্ডগোল হয়েছে বলে ছড়িয়ে পড়েছিল। সেটি উড়িয়ে দিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। কাল আর্সেনালের অনুশীলনে এই ছবিও ওয়েঙ্গারের পক্ষেই কথা বলছে l এএফপি

তাত্ত্বিকভাবে কাজটা অসম্ভব নয়। ৪-০ ব্যবধানে জিততে হবে, এই তো। এমন তো নয় যে, আর্সেনাল কোনো দিন কোনো দলের বিপক্ষে ৪-০ গোলে জেতেনি। কিন্তু সমস্যা হচ্ছে, তত্ত্ব আর বাস্তবতা অনেক ক্ষেত্রেই মেলে না। আর এই ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে, চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগ চার বা এর বেশি গোলের ব্যবধানে হেরে কোনো দল কখনো ঘুরে দাঁড়াতে পারেনি। আলিয়াঞ্জ অ্যারেনায় ৫-১ গোলে হেরে আসা আর্সেনাল আজ তাই বায়ার্ন মিউনিখের বিপক্ষে নিজের মাঠে নামবে এক ভীষণ অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে।
সেই তুলনায় নাপোলির কাজটা এত দুঃসাধ্য কিছু নয়। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগটা ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু একটা অ্যাওয়ে গোল নিয়ে আসায় আজ নিজের মাঠে ২-০ গোলে জিতলেই চলবে নাপোলির। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটা করাও কঠিন। কিন্তু সিরি ‘আ’তে এই মৌসুমে সবচেয়ে বেশি গোল করা মাওরিজিও সারির দল হাল ছাড়ছে না। আর যা-ই হোক, তারা তো আর্সেনালের মতো অকূল পাথারে পড়ে নেই!
শুধু ইতিহাসই বিপক্ষে নয়, আর্সেনালের ফর্মটাও খুব একটা ভালো যাচ্ছে না। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হারতে হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৩-১ গোলে হারটা তো পাঁড় আর্সেনাল সমর্থককেও রাগিয়ে দিয়েছে কোচ আর্সেন ওয়েঙ্গারের ওপর। দলের সেরা স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজকে ওই ম্যাচের শুরুতে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন ওয়েঙ্গার, নামিয়েছেন দ্বিতীয়ার্ধে। যে সিদ্ধান্ত সমালোচকদেরও মুখ খুলে দিয়েছে। এমনকি শোনা যাচ্ছে সানচেজ নিজেও কোচের ওপর খেপে গিয়ে ক্লাব ছেড়ে দিতে চাইছেন। এমিরেটসে তাই আজ সানচেজকে নিয়ে ওয়েঙ্গারের কী পরিকল্পনা, সেটাও একটা দেখার বিষয়।
সানচেজ থাকুন বা না-থাকুন, বায়ার্ন একরকম নিশ্চিত হয়েই মাঠে নামবে। তবে পুরোপুরি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মনে হয় না বায়ার্ন কোচ কার্লো আনচেলত্তি স্বস্তি পাবেন। ২০০৫ সালের সেই বিখ্যাত ফাইনালে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও লিভারপুলের সঙ্গে ৩-৩ ড্র করে টাইব্রেকারে হেরে যাওয়া ম্যাচে তিনিই তো এসি মিলান কোচ ছিলেন! বায়ার্ন অধিনায়ক ফিলিপ লামের অবশ্য এসব দুশ্চিন্তা নেই। সোজা হুমকি দিয়ে রেখেছেন, ‘আমরা এই লেগেও সেরাটা দিতে চাই, যাতে আর্সেনাল ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই পরের রাউন্ডে খেলার কথা ভুলে যায়।’
ঠিক এ রকম না হলেও একটা হুমকি রিয়াল মাদ্রিদকে দিয়ে রেখেছেন নাপোলি গোলরক্ষক পেপে রেইনা। প্রথম লেগে ক্লাব কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার উপস্থিতি বাড়তি প্রেরণা দিয়েছিল তাঁদের। এই ম্যাচে ম্যারাডোনা গ্যালারিতে থাকবেন কি না, নিশ্চিত নয়। তবে রেইনার কথা শুনে মনে হচ্ছে, প্রথম লেগের আগে ড্রেসিংরুমে এসে ম্যারাডোনা যেভাবে উদ্বুদ্ধ করে গেছেন তাঁদের, সেটা ভুলে যাননি তাঁরা, ‘নিজেদের মাঠে রিয়ালকে আমরা ২-০ গোলে হারাতেই পারি। আমরা সবাই বিশ্বাস করি, ঘুরে দাঁড়াতে পারব।’
সেই সুযোগটা রিয়াল দেবে কি না, সেটাও একটা প্রশ্ন। লা লিগায় এইবারের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো আর গ্যারেথ বেলকে ছাড়াই ৪-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। নাপোলির বিপক্ষে আজ কিন্তু দুজনই থাকবেন। সঙ্গে দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা।
রিয়ালের এই আক্রমণভাগকে কীভাবে সামলাবে নাপোলি? এএফপি, রয়টার্স।
টুকিটাকি
* সর্বশেষ ছয়বারই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বাদ পড়েছে আর্সেনাল, এর মধ্যে দুবার হেরেছে বায়ার্নের কাছে (২০১৩ ও ২০১৪)
* সর্বশেষ ছয়বারই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পেরিয়েছে রিয়াল মাদ্রিদ।
* কখনো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলেনি নাপোলি।
* চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ১৩ ম্যাচের মাত্র তিনটি জিতেছে বায়ার্ন, হেরেছে সাতটি।