ভুঁড়ি নিয়ে রসিকতা উড়িয়ে দিলেন নেইমার

চিলির বিপক্ষে ম্যাচে নেইমারছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল–ভক্তমাত্রই নিশ্চিত ছবিটা দেখে আঁতকে উঠেছিলেন। নেইমারের এ কী অবস্থা!

কোপা আমেরিকার ফাইনালে বন্ধু মেসির দল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে নেইমারের ব্রাজিলের হারের কিছুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল ছবিটা। কোপা আমেরিকা শেষে ছুটি কাটাচ্ছিলেন নেইমার। কিন্তু ছুটিতে এমনই বেহিসেবি চালচলন ছিল যে ছবিতে দেখা যাচ্ছিল, নেইমারের বেশ দৃশ্যমান একটা ভুঁড়িই গজিয়েছে!

ছুটি কাটিয়ে গত সপ্তাহে পিএসজির জার্সিতে প্রথম মাঠে নেমেছিলেন নেইমার, এরপর গতকাল খেলেছেন ব্রাজিলের হয়েও। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ব্রাজিলের ১-০ গোলে জয়ের ম্যাচ শেষেও বেশ আলোচনায় নেইমারের মুটিয়ে যাওয়া।

নেইমারের ইনস্টাগ্রাম স্টোরি
ছবি: সংগৃহীত

২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অবশ্য এসব গায়ে মাখছেন না। ইনস্টাগ্রাম স্টোরিতে কাল এ নিয়ে নিজের মনোভাব জানিয়ে দিয়েছেন নেইমার। তাঁর ভুঁড়ি নিয়ে হাসি-তামাশা আর সমালোচনার জবাব নেইমার দিয়েছেন উল্টো রসিকতায়!

যুগে যুগে ত্রিশের কাছাকাছি বয়স হয়ে যাওয়ার পর ব্রাজিলিয়ান খেলোয়াড়দের এভাবে মুটিয়ে যেতে, হারিয়ে যেতে দেখা ব্রাজিল–ভক্তদের নেইমারের ভুঁড়ি দেখে প্রমাদ গোনারই কথা। খেলার পাশাপাশি নৈশ ক্লাব, বেপরোয়া জীবনযাপন, বিয়ার-মাংসে উদ্‌যাপন ব্রাজিলিয়ানদের জীবনেরই অংশ। খেলোয়াড়ের পরিশীলিত জীবনযাপনও সেটিকে সব সময় দূরে রাখতে পারেনি।

কোপা আমেরিকার পর ছুটিতে নেইমারের মুটিয়ে যাওয়ার এই ছবি বেশ আলোচনায় এসেছিল
ছবি: টুইটার

রোনালদিনিও এভাবেই হঠাৎ হারিয়ে গেছেন। আরেক কিংবদন্তি রোনালদো নাজারিও শেষ দিকে বেশ মুটিয়ে গিয়েছিলেন। সেসব স্মৃতি নেইমারকে ঘিরে শঙ্কা না জাগিয়ে পারে না!

কোপা আমেরিকার পর ছুটি কাটিয়ে পিএসজিতে ফিরে দুই সপ্তাহের মতো অনুশীলন করেছেন নেইমার। বন্ধু মেসিও এর মধ্যে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন পিএসজিতে। গত সপ্তাহে রেঁসের মাঠে মৌসুমে প্রথমবার পিএসজির হয়ে নেমেছেন নেইমার।

সেই ম্যাচেই পিএসজির জার্সিতে অভিষিক্ত মেসির বদলি হয়ে উঠে গেছেন ৬৬ মিনিটে। সেদিন নেইমার ভালো খেলেননি, ফিটনেসের অভাব ছিল স্পষ্ট। ফরাসি সংবাদমাধ্যমে তখন নেইমারকে নিয়ে লেখা হলো, প্রত্যাবর্তনটা ‘কঠিন’ ছিল নেইমারের, ব্রাজিলিয়ান তারকা ‘মুটিয়ে গেছেন’, দলের ‘রক্ষণে মোটেও সাহায্য করেননি’।

নেইমারের এমন ছবি তাঁর মুটিয়ে যাওয়া নিয়ে শঙ্কা বাড়িয়েছে
ছবি: এএফপি

এরপর গতকাল চিলির মাঠে ব্রাজিলের জার্সিতে নেমেছেন। এবারও আলো ছড়াতে পারেননি নেইমার, ব্রাজিল কোনোরকমে ১-০ গোলে জিতে বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা টেনে নিয়ে গেল ৭ ম্যাচ পর্যন্ত। কিন্তু চিরকাল ব্রাজিলের সুন্দর ফুটবলের পূজারি–ভক্তমন এতে খুশি হবে কেন! তার ওপর ম্যাচে নেইমারের ভুঁড়ির ছবিগুলোও চোখে লেগেছে তাঁদের।

সে কারণেই কিনা ম্যাচের পর নেইমারের মুটিয়ে যাওয়া নিয়ে কথা হলো অনেক। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসিও চলল। নেইমারেরও চোখ এড়ায়নি সেগুলো। ইনস্টাগ্রাম স্টোরিতে জবাব দিয়েছেন।

নেইমার বলছেন, তাঁর জার্সির আকার ঠিক ছিল না বলেই তাঁকে মোটা মনে হয়েছে
ছবি: এএফপি

তাঁরা ভালো না খেললেও ব্রাজিল যে জিতেছে, সেটি মনে করিয়ে দিয়ে লিখেছেন, ছবিতে তাঁকে ‘মোটাসোটা’ দেখানোর কারণটা জার্সির আকার ঠিক না থাকা!

‘আমরা কি ভালো খেলেছি? না! আমরা কি জিতেছি? হ্যাঁ’—ইনস্টাগ্রাম স্টোরিতে গতকালের ম্যাচে তাঁর একটা ছবি দিয়ে ছবির গায়ে একটা অংশে লিখেছেন নেইমার। আরেক অংশে লিখেছেন, ‘জার্সিটা ছিল “জি” (ইউরোপিয়ান “এল” সাইজ) আকারের। আমি আমার সঠিক ওজনেই আছি। পরের ম্যাচে আমি আমার জন্য “এম” সাইজের জার্সি বানাতে বলব।’ বার্তাটির পাশে বেশ কয়েকটি হাসির ইমোজি।

চিলির বিপক্ষে ম্যাচে নেইমার ভালো খেলতে পারেননি
ছবি: এএফপি

আরেক পাশে সমালোচনাকারীদের উদ্দেশে নেইমারের ‘পরামর্শ’ ছিল, ‘(মাঠে) আমরা নাচতে থাকি, তোমরা দেখতে থাকো (গালাগালিসূচক অশ্রাব্য ভাষার ইঙ্গিত)।’ সবশেষে নিচে লিখেছেন, ‘আমরা ইতিহাস গড়তে থাকব।’

ইতিহাস যদি হয় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারা ধরে রাখা, সে ক্ষেত্রে ইতিহাস গড়ার পথে পরের ম্যাচে বড় চ্যালেঞ্জই নেইমারদের অপেক্ষায়। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত একটায় নিজেদের মাটিতে ব্রাজিল খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে!