ভুটান কোচ যে কারণে বাংলাদেশকে এগিয়ে রাখছেন

এশিয়ান কাপ বাছাইয়ের ভুটানের বিপক্ষে আজকের প্লে অফটা কঠিন পরীক্ষা বাংলাদেশের জন্য। গতমাসে ঢাকায় হোম ম্যাচটা গোলশূন্য ড্র করেই নিজেদের কাজটা এমন কঠিন করে ফেলেছে বাংলাদেশ, নয়তো ভুটানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে দশবারের মধ্যে আটবারই তো জেতার কথা বাংলাদেশের!
অবশ্য মাঝের এই এক মাসে বাংলাদেশ নিজেদের গুছিয়েছে। বেলজিয়ান কোচ টম সেন্টফিট দল সাজিয়েছেন নতুন করে। ৬ সেপ্টেম্বর ঢাকার হোম ম্যাচে যে সব জায়গায় সমস্যা ছিল, সমাধান করতে চেয়েছেন তা–ও। মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলিদের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে দলে ডেকেছেন। এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগের খেলাগুলোতেও জাতীয় দলের খেলোয়াড়েরা ঝালিয়ে নিয়েছেন নিজেদের। এখন অপেক্ষা চূড়ান্ত লড়াইয়ের।
ঢাকায় অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশকে রুখে দিয়ে ভুটানও কিন্তু দারুণ উজ্জীবিত। প্রথম লেগের ম্যাচটিতে প্রায় পুরোটা সময় বাংলাদেশের আধিপত্য থাকলেও শুরুর দিকে কিছুক্ষণ কিন্তু ভুটান দারুণ খেলেছিল। কয়েকটি গোলের সুযোগ তৈরি করে আতঙ্কও ছড়িয়েছিল। ওই মুহূর্তগুলোই উদ্দীপ্ত করছে তাদের। গত মাসে ঢাকায় আসা দলটিতে যোগ দিয়েছেন জার্মান কোচ টরস্টেন স্পিটলার। ওমানে প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে কাজ করে কিছুদিন হলো ভুটানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। ১৯৯৯ সালের দিকে নেপাল জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা স্পিটলার উপমহাদেশের ফুটবল সম্পর্কেও ভালোই অভিজ্ঞ।
বাংলাদেশের ফুটবল সম্পর্কেও ভালোই জানেন স্পিটলার। তাঁর চোখে ভুটান ও বাংলাদেশ দলের মান ‘প্রায় কাছাকাছি’। ঘরের মাঠে তো তবে কি ভুটানই ফেবারিট? এমনিতে যথেষ্ট শীতের মধ্যে খেলে অভ্যাস নেই বাংলাদেশের ফুটবলারদের। তার ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে থিম্পু শহরের উচ্চতা—সব মিলিয়ে বাংলাদেশ সমস্যায় পড়তেই পারে। তবে ভুটান কোচ চিন্তিত তাঁর খেলোয়াড়দের উচ্চতা নিয়ে, ‘ভুটানি খেলোয়াড়দের উচ্চতা বাংলাদেশের বিপক্ষে ম্যাচে একটা সমস্যার কারণ হতে পারে।’ সেই সমস্যাটা কী রকম হতে পারে, তা–ও ব্যাখ্যা করেছেন ভুটান কোচ। তাঁর দাবি, বাংলাদেশি ফুটবলাররা সাধারণত লং পাস ও হাওয়ায় খেলে অভ্যস্ত। আর এ কারণেই উচ্চতা কম হওয়ায় ভুটান খেলোয়াড়রা তাঁদের সামনে সমস্যায় পড়তে পারেন। সূত্র: কুয়েনসেল অনলাইন।