ভুটান পৌঁছাল ফুটবল দল
এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফের ফিরতি ম্যাচ খেলতে গতকাল সকালে থিম্পুতে পৌঁছেছে বাংলাদেশ। ১০ অক্টোবর ভুটানের বিপক্ষে ম্যাচ।
ভুটানের রাজধানীতে এখন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রি। রাতে হাড় কাঁপানো শীত, তাপমাত্রা নামে ১১-১২ ডিগ্রিতে। ভুটানের সঙ্গে ম্যাচটি হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়। স্থানীয় দর্শক, কৃত্রিম টার্ফের সঙ্গে ঠান্ডাও তাই বড় চ্যালেঞ্জ ভাবা হচ্ছে বাংলাদেশের জন্য। যদিও তাজিকিস্তান বা উজবেকিস্তানের মতো দেশগুলোতে শূন্য ডিগ্রির মধ্যেও খেলেছে বাংলাদেশ। সেদিক থেকে ভুটানের তাপমাত্রা এমন কিছুই নয়। কাল স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় চাংলিমিথাং স্টেডিয়ামে অনুশীলনের পর কোচ টম সেন্টফিট তাই ম্যাচেই রাখতে চাইলেন সব মনোযোগ। ফোনে বলছিলেন, ‘এখানে একটু বেশি ঠান্ডা। তবে তিন দিন সময় আছে। আশা করি ছেলেরা মানিয়ে নিতে পারবে। আবহাওয়া নয়, ম্যাচের দিকেই চোখ সবার।’