ভুটান বলেই বড় জয়ের আশা

শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে তখনো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন শুরু হয়নি। টেনিস কোর্টের পাশের জমিতে বসে জার্সি, বুট, হুজগুলো পরে তৈরি হচ্ছিলেন রাব্বি-ইব্রাহিমরা। টুকরো টুকরো কথাও চলছিল। বয়সে সবার ছোট নিপু কিছু একটা বলতেই হাসি ছড়িয়ে পড়ল পুরো দলের মধ্যে।
এই হাসির উৎস আত্মবিশ্বাস, এ এক আত্মবিশ্বাসী বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পাওয়ার অভিযাত্রায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় এসেছে। কোচ সাইফুল বারী টিটুর প্রত্যাশামতোই যেন এগোচ্ছে চিত্রনাট্য। আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশের সামনে ভুটান। যে ভুটান প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে খেয়েছে ৭ গোল। আরও একটু পেছনে তাকালে, গত আগস্টে নেপালে অনূর্ধ্ব-১৯ সাফে বাংলাদেশের কাছে হেরেছে ২-০ গোলে। সুতরাং এই দলটির বিপক্ষে বাংলাদেশ জয় ছাড়া অন্য কিছু ভাববে কেন?
সাফে খেলা সেই ভুটান দলের সঙ্গে এবার যোগ দিয়েছেন তাদের জাতীয় দলের মিডফিল্ডার থিনলে দর্জি, ডিফেন্ডার ইয়েশি দর্জি। দলটির শক্তি একটু বেড়েছে। তবে উজবেকিস্তানের সঙ্গে ৫-৪-১ ছকে খেলেও ভুটান গোলবন্যা আটকাতে পারেনি। বাংলাদেশের সঙ্গে সাফে তারা খেলেছিল ৪-৩-৩ ছকে। ওদের সম্ভাব্য এই দুটি ছক নিয়েই ভেবে রেখেছেন বাংলাদেশ যুব দলের কোচ, ‘ভুটান বা শ্রীলঙ্কা নয়, আমার দল নিয়েই বেশি চিন্তা করতে হচ্ছে আমাকে। আমার লক্ষ্যই থাকবে ম্যাচে আধিপত্য করা, বেশি সময় বল নিয়ন্ত্রণে রেখে গোলের সুযোগ তৈরি করা এবং গোল করা।’
গ্রুপ রানার্সআপ হিসেবে চূড়ান্ত পর্বে যেতে হলে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সুতরাং বড় ব্যবধানে জয়ই কোচের লক্ষ্য, ‘আমাদের লক্ষ্য থাকবে বেশি গোলে জেতা।’ কিন্তু গোল করবে কে? মান্নাফ রাব্বি, ইব্রাহিমরা হতাশ করেছেন প্রথম ম্যাচে। অনূর্ধ্ব-১৬ দলে নজরকাড়া নিপুও স্নায়ুচাপে ভুগেছেন। সবার মধ্যে ছিল একা একা খেলার প্রবণতা আর ভুল পাস। সেই ভুলগুলো শুধরে দ্রুতই গোল পেতে চান কোচ, ‘দ্রুত গোল করাটা গুরুত্বপূর্ণ। দ্রুত গোল পেলে প্রতিপক্ষ শোধ দিতে চাইবে। তখন আরও গোলের সুযোগ পাব।’
তবে প্রথম ম্যাচে গোল পেয়ে আত্মবিশ্বাসী রাব্বি চূড়ান্ত পর্বে যাওয়ারই স্বপ্ন দেখছেন, ‘ঘরের মাঠে খেলার সুযোগটা কাজে লাগাতে চাই। আমরা এখন বাহরাইনে যাওয়ার স্বপ্ন দেখছি।’
দশ গ্রুপের চ্যাম্পিয়ন, সেরা পাঁচ রানার্সআপ এবং স্বাগতিক বাহরাইনকে নিয়ে আগামী বছর হবে চূড়ান্ত পর্ব। দক্ষিণ এশিয়ার অন্য দলগুলোর চেয়ে বাংলাদেশ শুরুটা ভালোই করেছে। ‘এফ’ গ্রুপে প্রথম ম্যাচে বাহরাইনের কাছে মালদ্বীপ (৪-০), ‘ই’ গ্রুপে ইরানের কাছে নেপাল (১০-০) হেরেছে। ভারত ‘সি’ গ্রুপে ফিলিস্তিনের কাছে হেরেছে ১-০ গোলে। আজ ভুটানকে বড় ব্যবধানে হারাতে পারলে চূড়ান্ত পর্বে ওঠার ভালো সুযোগই তৈরি হবে বাংলাদেশের।
বড় জয় কি পাবে বাংলাদেশ? ভুটানের কোচ চোকি নিমার কণ্ঠে শোনা গেল ভালো খেলার প্রতিজ্ঞা, ‘গত ম্যাচে কী হয়েছে তা ভুলে যেতে চাই। এটা নতুন ম্যাচ, বাংলাদেশের সঙ্গে ভালো ফুটবল খেলতে চাই আমরা।’